logo
Advertisement

বয়স কমিয়ে খেলতে গিয়ে ধরা, বড় শাস্তি পেলেন ভারতীয় ক্রিকেটার

বয়স কমিয়ে খেলতে গিয়ে ধরা, বড় শাস্তি পেলেন ভারতীয় ক্রিকেটার
বিসিসিআই লোগো। ছবি: পিটিআই

বয়সসংক্রান্ত তথ্যে অসংগতির অভিযোগে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার রোহিত যাদবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজের দলে জায়গা পাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই শাস্তি পেলেন বাংলার এই লেগ স্পিনার।

Advertisement

বার্তা সংস্থা পিটিআইকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।’ এই সময়ে ভারতের কোনো ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে পারবেন না রোহিত। নিষেধাজ্ঞার বিষয়টি বিসিসিআইয়ের অধিভুক্ত সব রাজ্য সংস্থাকেও জানিয়ে দেওয়া হয়েছে।

উত্তর প্রদেশে জন্ম নেওয়া রোহিত বাংলার হয়ে খেলেন। গত জুলাইয়ে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে শ্রীলঙ্কা সফর করেছিলেন তিনি। সেখানে ৬ উইকেট নিয়ে শেষ টেস্টে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। চলতি মাসে রাজকোট ও আহমেদাবাদে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে এক দিনের ম্যাচের দলেও ছিলেন তিনি।

শ্রীলঙ্কা সফরের সময় রোহিতের কাগজপত্র যাচাই করতে গিয়েই বয়সসংক্রান্ত অসংগতি সামনে আসে। তার নামে পাওয়া তিনটি জন্মসনদে জন্মসাল লেখা রয়েছে যথাক্রমে ২০০৭, ২০০৯ ও ২০১০। ফলে বয়সভিত্তিক ক্রিকেটে তার খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

আধার কার্ডের তথ্যেও একাধিক অসংগতি পাওয়া গেছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলে নিবন্ধনের সময় রোহিতের জন্মসাল ছিল ২০০৭। পরে ২০১৭ ও ২০২০ সালে হালনাগাদ করা আধার কার্ডে জন্মসাল দেখানো হয় ২০০৬। সেটিই আবার ২০২১ সালে বদলে ২০০৯ করা হয়।

অসঙ্গতিগুলো ধরা পড়ার পর রোহিতকে নিজেদের বয়সভিত্তিক দল থেকে আগেই বাদ দিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। পরে বিষয়টি বিসিসিআইকে জানায় সংস্থাটি।

রোহিত ছাড়াও কাগজপত্র ও বয়সসংক্রান্ত অসংগতির কারণে আরও ৬১ ক্রিকেটারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সিএবি। ২০২৬-২৭ ও ২০২৭-২৮ মৌসুমে কোনো প্রতিযোগিতায় তাদের নিবন্ধন বা দলবদলের অনুমতি দেওয়া হবে না।

তালিকায় ভারতের ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রবি কুমারও রয়েছেন। সিএবির নথিতে তার বয়সে ৪৫ মাসের ব্যবধান পাওয়া গেছে। নিষিদ্ধ ক্রিকেটারদের মধ্যে তিনটি প্রথম শ্রেণি ও দুটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলা বাঁহাতি স্পিন অলরাউন্ডার বিশাল ভাট্টিও আছেন। অভিযুক্ত ৬২ ক্রিকেটারের তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে সিএবি।