বৃষ্টিতে কপাল পুড়ল জাপানের, কোয়ার্টারে আফগানিস্তান

বৃষ্টিতে কপাল পুড়ল স্বাগতিক জাপানের। এশিয়ান গেমস পুরুষ ক্রিকেটে নেপালের বিপক্ষে তাদের শেষ গ্রুপ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছে স্বাগতিকেরা। লাভ হয়েছে আফগানিস্তানের, গ্রুপ ‘এ’ থেকে নেপালের সঙ্গে শেষ আটে জায়গা করে নিয়েছে তারা।
শনিবার নিশিনের কোরোগি পার্কে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ১৫ ওভারে। আগে ব্যাট করে নেপাল তোলে ৪ উইকেটে ১৪৯ রান। জাপানের লক্ষ্য ছিল ১৫০। কিন্তু নেপালের ইনিংস শেষ হওয়ার পর আবার বৃষ্টি নামলে আর মাঠেই নামতে পারেনি জাপান। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
নেপালের বড় সংগ্রহের ভিত গড়েন সন্দীপ জোরা ও লোকেশ বাম। জোরা ৩২ বলে অপরাজিত ৫৭ এবং বাম মাত্র ২২ বলে অপরাজিত ৫২ রান করেন। ১০ ওভার শেষে নেপালের স্কোর ছিল ৪ উইকেটে ৮৪। শেষ পাঁচ ওভারে অবিচ্ছিন্ন জুটিতে দ্রুত রান তুলে দলকে ১৪৯ পর্যন্ত নিয়ে যান তারা।
বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেপাল। দ্বিতীয় দল হিসেবে শেষ আটে গেছে আফগানিস্তান। প্রথম ম্যাচে আফগানদের কাছে ৪৮ রানে হারা জাপান এক পয়েন্ট নিয়েই বাদ পড়েছে।
কোয়ার্টার ফাইনালে নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আর গ্রুপের দ্বিতীয় হওয়ায় আফগানিস্তান খেলবে ভারতের বিপক্ষে।
