logo
Advertisement

টানা ব্যর্থতায় অস্ট্রেলিয়া দল থেকে বাদ লাবুশেন

এশিয়া পোস্ট স্পোর্টস
টানা ব্যর্থতায় অস্ট্রেলিয়া দল থেকে বাদ লাবুশেন
মার্নাস লাবুশেন। ছবি: গেটি ইমেজ

ব্যাট হাতে টানা ব্যর্থতার মূল্য দিতে হলো অজি ব্যাটার মার্নাস লাবুশেনকে। জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

Advertisement

সাম্প্রতিক সময়ে কোনো সংস্করণেই প্রত্যাশা পূরণ করতে পারছেন না লাবুশেন। পাকিস্তান সফরের তিন ওয়ানডেতে তার মোট রান ছিল মাত্র ২৪। গত জুনে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডেতে একটি অর্ধশতক পেলেও ধারাবাহিক হতে পারেননি।

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সদ্য শেষ হওয়া দুই টেস্টের সিরিজেও ব্যাট হাতে বড় অবদান রাখতে ব্যর্থ হন লাবুশেন। এর মধ্যে মিচেল মার্শ ও ট্রাভিস হেড ওয়ানডে দলে ফেরায় নির্বাচকদের পরিকল্পনা থেকে ছিটকে গেলেন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান।

অভিজ্ঞ লাবুশেনের পরিবর্তে অপেক্ষাকৃত তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি অভিষেকে ১৭ রানে ৩ উইকেট নেওয়া অলরাউন্ডার জোয়েল ডেভিস প্রথমবার ওয়ানডে খেলার সুযোগ পেতে পারেন।

পাকিস্তানের বিপক্ষে গত মে মাসে ওয়ানডে অভিষেক হওয়া বাঁহাতি ব্যাটসম্যান অলি পিকও দলে জায়গা ধরে রেখেছেন। তাঁদের সঙ্গে ব্যাটিং বিভাগে রয়েছেন ক্যামেরন গ্রিন, ম্যাথু রেনশ, কুপার কনোলি, অ্যালেক্স ক্যারি ও জশ ইংলিস।

দুই সফরের জন্য অস্ট্রেলিয়া দলে ফিরেছেন পেসার জশ হ্যাজলউড। জিম্বাবুয়ে সফরে থাকবেন না নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। তাঁরা দক্ষিণ আফ্রিকা পর্বে দলের সঙ্গে যোগ দেবেন। জিম্বাবুয়েতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টেস্ট সিরিজও খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ সামনে রেখেই কামিন্স ও স্টার্ককে দক্ষিণ আফ্রিকা সফরের দলে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ার নির্বাচকপ্রধান জর্জ বেইলি জানিয়েছেন, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই দুই সফরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ২০২৭ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে।

বেইলি বলেন, ‘আগামী বছরের বিশ্বকাপ যেসব দেশে হবে, এই ছয় ম্যাচের সিরিজ সেখানে অনুষ্ঠিত হওয়ায় এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি। মিচেল মার্শ, ট্রাভিস হেড ও জশ হ্যাজলউড ফিরেছে। দক্ষিণ আফ্রিকা পর্বে প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক যোগ দেবে। এতে মূল দলের ক্রিকেটারদের সঙ্গে সম্ভাবনাময় কয়েকজনকে সুযোগ দেওয়া যাচ্ছে।’

অলি পিক ও জোয়েল ডেভিসকে নিয়ে তিনি বলেন, ‘আমরা দুজনকেই অনেক উঁচু মানের ক্রিকেটার মনে করি। অস্ট্রেলিয়া দলে আরও অভিজ্ঞতা অর্জন ও নিজেদের উন্নতির জন্য এটি তাদের সামনে দারুণ সুযোগ।’

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দল

জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, প্যাট কামিন্স*, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, মিচেল মার্শ, অলি পিক, ম্যাথু রেনশ, বিলি স্ট্যানলেক, মিচেল স্টার্ক* ও অ্যাডাম জাম্পা।

*শুধু দক্ষিণ আফ্রিকা সফরের জন্য

টানা ব্যর্থতায় অস্ট্রেলিয়া দল থেকে বাদ লাবুশেন