logo

ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা, আরেকটি ম্যাচ বাতিল হতে পারে

ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা, আরেকটি ম্যাচ বাতিল হতে পারে

শ্রীলঙ্কায় টানা বৃষ্টি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে বড় প্রভাব ফেলতে শুরু করেছে। কলম্বোতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ এক বলও মাঠে না গড়িয়েই পরিত্যক্ত হওয়ার পর এবার পাল্লেকেলে ইংল্যান্ড-শ্রীলঙ্কা লড়াইও পড়েছে বৃষ্টির হুমকিতে।

রোববারের ম্যাচকে সামনে রেখে আবহাওয়ার পূর্বাভাস বলছে, পাল্লেকেলেতে দিনে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৮৭ শতাংশ। রাতে তা কিছুটা কমে ৫৫ শতাংশে নামলেও পূর্ণ ২০ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই ধারণা করা হচ্ছে।

বিভিন্ন আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, দিনে প্রায় তিন ঘণ্টা এবং রাতে আরও দুই ঘণ্টা বৃষ্টির আশঙ্কা রয়েছে। ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের আশপাশেই বৃষ্টির সম্ভাবনা বেশি থাকায় বিলম্ব বা একাধিকবার খেলা বন্ধ হওয়ার শঙ্কাও জোরাল।

‘নো রেজাল্ট’ হলে কী হবে?

এদিকে সুপার এইট পর্বে সেমিফাইনাল ও ফাইনালের মতো কোনো রিজার্ভ ডে নেই। নির্ধারিত দিনে ম্যাচ সম্পন্ন করা না গেলে সেটি আনুষ্ঠানিকভাবে ‘নো রেজাল্ট’ ঘোষণা করা হবে এবং দুই দল এক পয়েন্ট করে পাবে।

গ্রুপ-২ ইতোমধ্যেই অস্থির পরিস্থিতিতে আছে। পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছে। ইংল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচও ভেস্তে গেলে চার দল—ইংল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ও নিউজিল্যান্ড পয়েন্টের হিসেবে কাছাকাছি অবস্থানে থাকবে। সে ক্ষেত্রে বাকি ম্যাচগুলো কার্যত ‘মাস্ট উইন’ লড়াইয়ে পরিণত হবে, যেখানে একটি হারও সেমিফাইনালের স্বপ্ন ভেঙে দিতে পারে।

তবে প্রতিকূল পূর্বাভাসের মধ্যেও সমর্থক, ক্রিকেটার ও আয়োজকদের আশা—অন্তত পাঁচ ওভারের ম্যাচ হলেও যেন ফল নির্ধারিত হয়। কারণ, টানা বৃষ্টিতে জমে ওঠা সুপার এইট পর্বে আরেকটি পরিত্যক্ত ম্যাচ প্রতিযোগিতার রোমাঞ্চকেই বড় ধাক্কা দেবে।