logo

সাবেক অধিনায়কদের জন্য বিসিবির বিশেষ ‘ক্যাপ্টেনস কার্ড’

সাবেক অধিনায়কদের জন্য বিসিবির বিশেষ ‘ক্যাপ্টেনস কার্ড’

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ‘ক্যাপ্টেনস কার্ড’ নামে এই আয়োজনের মাধ্যমে সাবেক অধিনায়কদের হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ কার্ড, যার সঙ্গে যুক্ত রয়েছে নানা সুযোগ-সুবিধা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন সময়ের অধিনায়কদের মিলনমেলা দেখা যায়। বর্তমান ক্রিকেটারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত ও লিটন দাসসহ অনেকে সরাসরি কার্ড বুঝে নেন।

মোট ৩২ জন অধিনায়ক এই সম্মাননার আওতায় এসেছেন। এর মধ্যে ২৭ জন পুরুষ এবং ৫ জন নারী অধিনায়ক রয়েছেন।

এই কার্ডের মাধ্যমে সাবেক অধিনায়কেরা আইসিসি ও এসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বিপিএলের ম্যাচগুলোতে স্টেডিয়ামে প্রবেশাধিকার পাবেন। পাশাপাশি অসুস্থতার ক্ষেত্রে বিসিবির মেডিকেল টিমের সেবাও তাদের জন্য উন্মুক্ত থাকবে, যেখানে কোনো পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন হবে না।

তবে অনুষ্ঠানে সব তারকা উপস্থিত ছিলেন না। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, ফারুক আহমেদ ও আমিনুল ইসলাম বুলবুলসহ কয়েকজন সাবেক অধিনায়ক ছিলেন অনুপস্থিত।

জানা গেছে, প্রত্যেক অধিনায়ককে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান তামিম ইকবাল। এমনকি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।