logo

রহমতের নেতৃত্বে বাংলাদেশ টেস্টের দল ঘোষণা আফগানদের

রহমতের নেতৃত্বে বাংলাদেশ টেস্টের দল ঘোষণা আফগানদের
আফগানিস্তান টেস্ট দল। পুরোনো ছবি

বাংলাদেশের বিপক্ষে টেস্টেও রশিদ খানকে পাচ্ছে না আফগানিস্তান। তার সঙ্গে বিশ্রামে থাকছেন ইব্রাহিম জাদরানও। এই দুই তারকাকে ছাড়াই রহমত শাহর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজগুলোর জন্য তিন সংস্করণের দল ঘোষণা করেছে এসিবি। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু হবে ৯ অক্টোবর, আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। বোর্ড জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত দীর্ঘ সংস্করণের ক্রিকেট থেকে রশিদ ও ইব্রাহিমের বিশ্রাম অব্যাহত থাকবে।

সম্প্রতি টেস্ট ও ওয়ানডের স্থায়ী অধিনায়ক হয়েছেন রহমত। আগস্টে তার নেতৃত্বে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ ৪–০ ব্যবধানে জিতেছে আফগানিস্তান। তবে স্থায়ী টেস্ট অধিনায়ক হিসেবে তার প্রথম দায়িত্ব শুরু হচ্ছে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে।

টেস্ট দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার ইসমত আলম। ভারতের বিপক্ষে টেস্টে ছিলেন না তিনি। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো করে ফিরেছেন বাঁহাতি ব্যাটার শহিদুল্লাহ কামাল ও পেসার ইয়ামিন আহমদজাইও।

চলমান আহমদ শাহ আবদালি প্রথম শ্রেণির প্রতিযোগিতায় ৭৬.৮৫ গড়ে ৫৩৮ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক শহিদুল্লাহ। অন্যদিকে ১২.৭৩ গড়ে ৪২ উইকেট নিয়ে বোলারদের মধ্যে শীর্ষে আছেন ইয়ামিন। চোটের কারণে প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা বাঁহাতি স্পিনার জিয়াউর রহমান আকবরও ফিরেছেন। আবার ডাক পেয়েছেন লেগ স্পিনার খলিল গুরবাজ।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিকে নিজেদের টেস্ট ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে এসিবি। বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেছেন, ‘টেস্টে প্রথমবার বাংলাদেশকে আতিথ্য দেব আমরা।’

টেস্টের পর ১৭-২৩ অক্টোবর বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। টেস্টে বিশ্রামে থাকলেও সেই সিরিজের আফগান দলে আছেন রশিদ ও ইব্রাহিম। ওয়ানডেতেও নেতৃত্ব দেবেন রহমত। ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ; আফগানিস্তানের মুখোমুখি হবে ২১ অক্টোবর। ফাইনাল ২৩ অক্টোবর।

আফগানিস্তানের টেস্ট দল: রহমত শাহ (অধিনায়ক), ইকরাম আলিখিল (সহঅধিনায়ক ও উইকেটকিপার), আফসার জাজাই, সেদিকুল্লাহ আতাল, আবদুল মালিক, হাশমতউল্লাহ শহীদি, রহমানউল্লাহ জাদরান, শহিদুল্লাহ কামাল, ইসমত আলম, কায়েস আহমদ, জিয়াউর রহমান আকবর, খলিল গুরবাজ, মোহাম্মদ সেলিম সাফি, জিয়াউর রহমান শরিফি ও ইয়ামিন আহমদজাই।