logo

অবসর ভেঙে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন মঈন আলী

অবসর ভেঙে ঘরোয়া ক্রিকেটে ফিরছেন মঈন আলী

ঘরোয়া ক্রিকেট থেকে নেওয়া অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করলেন ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মঈন আলী। ২০২৬ মৌসুমের টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের হয়ে খেলতে যাচ্ছেন তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে ইয়র্কশায়ার ক্লাব জানায়, মঈনের সঙ্গে শুধু ব্লাস্টের জন্য চুক্তি হয়েছে, যেখানে ২০২৭ সাল পর্যন্ত বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

অফস্পিনিং অলরাউন্ডার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে বিপুল অভিজ্ঞতা রয়েছে মঈনের। এখন পর্যন্ত ৪২০টি টি-টোয়েন্টি ম্যাচে তিনি ৭,৭৯২ রান করেছেন এবং শিকার করেছেন ২৭১ উইকেট।

ইয়র্কশায়ারে যোগ দেওয়া নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে মঈন বলেন, ‘টি-টোয়েন্টি ব্লাস্টে ইয়র্কশায়ারের হয়ে খেলতে পেরে আমি ভীষণ আনন্দিত। এটি একটি ঐতিহ্যবাহী ক্লাব। তবে সবচেয়ে বেশি আমাকে আকৃষ্ট করেছে দলের ভবিষ্যৎ পরিকল্পনা। স্কোয়াডে অনেক প্রতিভা রয়েছে এবং অ্যান্থনির সঙ্গে কাজ করে দলকে এগিয়ে নিতে পারাটা আমার জন্য রোমাঞ্চকর।’

‘হেডিংলিতে খেলতে আমি সবসময়ই ভালোবাসি—উইকেট, পরিবেশ আর সমর্থকদের উষ্ণতা জায়গাটিকে বিশেষ করে তোলে। এটি আমার জন্য একেবারে নতুন চ্যালেঞ্জ। আমি ক্ষুধার্ত মানসিকতা নিয়ে আসছি, নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই এবং ইয়র্কশায়ারকে প্রতিযোগিতামূলক করতে অবদান রাখতে চাই,’ যোগ করেন মঈন।

আগামী মে মাসে তিনি ইয়র্কশায়ার দলে যোগ দেবেন। তার আগে ইংল্যান্ড লায়ন্স দলের কোচিং স্টাফ হিসেবে সংযুক্ত আরব আমিরাত সফরে থাকবেন মঈন। সেখানে পাকিস্তান শাহিনসের বিপক্ষে সিরিজ খেলবে লায়ন্সরা। কোচিং টিমে আরও থাকবেন নিল ম্যাকেঞ্জি, সারা টেলর, নিল কিলিন, আমার রশিদ এবং বেন স্টোকস। এই সফরে প্রধান কোচ হিসেবে থাকবেন অ্যান্ড্রু ফ্লিনটফ ও ট্রয় কুলি।

ইয়র্কশায়ারের টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জর্ডান কক্স। আর একদিনের দলের অধিনায়ক করা হয়েছে ড্যান মাউসলিকে।

ইংল্যান্ড লায়ন্স ও পাকিস্তান শাহিনসের মধ্যকার সিরিজে তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি এক দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত।