বৈভবের রেকর্ডময় রাতেও রাজস্থানের বিদায়

বৈভব সূর্যবংশীর আরেকটি ঝড়ো ইনিংসও রাজস্থান রয়্যালসকে আইপিএলের ফাইনালে নিতে পারল না। ১৫ বছর বয়সী ব্যাটারের ৪৭ বলে ৯৬ রানে রাজস্থান তুলেছিল ৬ উইকেটে ২১৪। কিন্তু শুভমান গিলের দুর্দান্ত সেঞ্চুরি ও সাই সুদর্শনের সঙ্গে বড় জুটিতে সেই লক্ষ্যও সহজ করে ফেলল গুজরাট টাইটান্স।
মুল্লানপুরে চলতি আইপিএলের কোয়ালিফায়ার টু ম্যাচে রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে গুজরাট। ২১৫ রানের লক্ষ্য তারা ছুঁয়েছে ১৮.৪ ওভারে, হাতে ছিল আরও ৮ বল। ফাইনালে গুজরাটের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
ম্যাচে রাজস্থানের শুরুটা মোটেও ভালো ছিল না। টস জিতে ব্যাটিং নেওয়ার পর প্রথম ওভারেই ১ রানে ফেরেন যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ওভারে ধ্রুব জুরেলও আউট হলে চাপে পড়ে রাজস্থান। তবে সেখান থেকেই পাল্টা আক্রমণ শুরু করেন বৈভব।
মোহাম্মদ সিরাজের এক ওভারে তিন চার মেরে গতি বাড়ান তিনি। এরপর কাগিসো রাবাদাকে চার ও সোজা ছক্কা মেরে বুঝিয়ে দেন, চাপ তাকে থামাতে পারছে না। রবীন্দ্র জাদেজা চার নম্বরে উঠে এসে ৩৫ বলে অপরাজিত ৪৫ রান করেন। মাঝে কনুইয়ের চোটে মাঠ ছাড়লেও পরে ফিরে এসে বৈভবের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি।
বৈভব অবশ্য টানা আরেকবার সেঞ্চুরির কাছে গিয়ে থামলেন। আগের ম্যাচে ২৯ বলে ৯৭ করার পর এবার ৯৬ রানে আউট হন তিনি। রাবাদার বলে আপার কাট করতে গিয়ে তিন অঙ্ক ছোঁয়ার আগেই ফিরতে হয় রাজস্থানের তরুণ ওপেনারকে। শেষ দিকে ডোনোভান ফেরেইরার ঝোড়ো ব্যাটিংয়ে ২১০ পেরোয় রাজস্থান।
কিন্তু গুজরাটের রান তাড়ার শুরুটাই ছিল আগ্রাসী। প্রথম ওভারেই জফরা আর্চারের বলে গিল ও সুদর্শন দুইজনই দুটি করে চার মারেন। চার ওভারে গুজরাট তুলে ফেলে ৫২ রান। পাওয়ারপ্লেতে তারা করে ৬৯ রান, রাজস্থানের ৭০ রানের চেয়ে মাত্র এক কম।
পাওয়ার প্লের পরও থামেননি গিল ও সুদর্শন। গিল ৩০ বলে ফিফটি পূর্ণ করেন, সুদর্শনও ২৬ বলে অর্ধশতক পান। ওপেনিং জুটিতে দুজন যোগ করেন ১৬৭ রান। সুদর্শন ৩২ বলে ৫৮ করে হিট উইকেট হলেও তখন গুজরাট ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে।
গিল ৪৭ বলে সেঞ্চুরি তুলে নেন, যা গুজরাটের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি শতক। ৫৩ বলে ১০৪ রানে আউট হওয়ার আগে তিনি ম্যাচ প্রায় শেষ করে দেন। পরে রাহুল তেওয়াটিয়ার ৯ বলে অপরাজিত ১৭ রানে জয় নিশ্চিত করে গুজরাট।
রাজস্থানের হয়ে বৈভবের ইনিংস আলো কাড়লেও রাতটা শেষ পর্যন্ত গিলেরই। প্লে-অফে ২১০ ছাড়ানো লক্ষ্য তাড়া করে জিতে নতুন ইতিহাসও গড়ল গুজরাট।


