নতুন প্রধান কোচ পেল জ্যোতিরা

বাংলাদেশ নারী ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড হেম্প। দুই বছরের চুক্তিতে দায়িত্ব নিচ্ছেন ৫৫ বছর বয়সী এই কোচ, যার মেয়াদ চলবে ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত।
আসন্ন অস্ট্রেলিয়া সফর দিয়েই নতুন দায়িত্ব শুরু করবেন হেম্প। ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ৩ অক্টোবর দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল।
হেম্প দায়িত্ব নিচ্ছেন সারোয়ার ইমরানের জায়গায়। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ নারী দলের প্রধান কোচ হিসেবে কাজ করছিলেন সারোয়ার।
তবে নারী দলের সঙ্গে হেম্পের কাজ এবারই প্রথম নয়। ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিত আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ছিলেন তিনি। চলতি বছর নেপালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বেও একই দায়িত্ব পালন করেন।
২০২৩ সালের মে থেকে বিসিবির কোচিং কাঠামোর সঙ্গে যুক্ত আছেন হেম্প। শুরুতে হাই পারফরম্যান্স (এইচপি) দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন তিনি। এরপর ২০২৪ সালে বাংলাদেশ পুরুষ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও দেওয়া হয় তাকে। তার আগে ২০২৩ সালের নিউজিল্যান্ড সফরেও জাতীয় পুরুষ দলের কোচিং স্টাফে ছিলেন।
নারী ক্রিকেটেও দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে হেম্পের। ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তান নারী জাতীয় দলের প্রধান কোচ ছিলেন তিনি। অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া রাজ্য নারী দল এবং নারী বিগ ব্যাশের মেলবোর্ন স্টার্সের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন।
