চোটের সমাধান খুঁজতে অস্ট্রেলিয়া যাচ্ছেন নাহিদ-তাসকিন

জাতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার সুযোগ হচ্ছে না নাহিদ রানার। তবে চিকিৎসা পরীক্ষার জন্য তাসকিন আহমেদের সঙ্গে দেশটিতে যাচ্ছেন বাংলাদেশের এই তরুণ পেসার। আজ মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা দুজনের।
নাহিদ ও তাসকিনের সঙ্গে থাকবেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম। অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি দুজনের পুরোনো চোটের বর্তমান অবস্থাও পরীক্ষা করা হবে।
চলতি মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁ পাশের পেশিতে চোট পান নাহিদ। সেই চোটের কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি। তবে তার এবারের অস্ট্রেলিয়া যাত্রার মূল কারণ সাইড স্ট্রেইন নয়।
ক্যারিয়ারের শুরু থেকেই দুই পায়ের শিনবোনের ব্যথায় ভুগছেন নাহিদ। সেই সমস্যা নিয়েই এত দিন খেলা চালিয়ে যাচ্ছেন তিনি। দীর্ঘস্থায়ী চোটটির স্থায়ী সমাধান খুঁজতেই অস্ট্রেলিয়ায় পায়ের নিচের অংশের চোট বিশেষজ্ঞ একজন চিকিৎসককে দেখানো হবে তাকে।
বিসিবির এক কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকবাজ জানায়, ‘ক্যারিয়ারের শুরুর দিক থেকেই নাহিদ দুই পায়ের শিনবোনের ব্যথায় ভুগছে। সমস্যাটি সামলেই সে খেলে যাচ্ছে। আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডে গেলে পায়ের নিচের অংশের চোট নিয়ে কাজ করেন এমন একজন বিশেষজ্ঞকে দেখানো হবে।’
নাহিদের অস্ট্রেলিয়া যাত্রার সঙ্গে সাইড স্ট্রেইনের সম্পর্ক নেই জানিয়ে তিনি বলেন, ‘পরিকল্পনার অংশ হিসেবেই সে অস্ট্রেলিয়ায় শিনবোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে যাচ্ছে। সাইড স্ট্রেইনের জন্য তাকে সেখানে নেওয়া হচ্ছে না। শিনবোনের ব্যথা তার দীর্ঘদিনের সমস্যা।’
অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে রয়েছেন তাসকিন। তার সফর নিয়েও শঙ্কার কিছু নেই বলে জানিয়েছে বিসিবি। কাঁধ নয়, ক্যারিয়ারের বিভিন্ন সময়ে ভোগানো গোড়ালির সমস্যা নিয়ে আরও একটি মতামত নিতে যাচ্ছেন তিনি।
বিসিবির ওই কর্মকর্তা বলেন, ‘তাসকিন তার পুরোনো গোড়ালির সমস্যার জন্য চিকিৎসকের কাছে যাচ্ছে। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে এই চোট তাকে ভুগিয়েছে। সমস্যাটির বর্তমান অবস্থা সম্পর্কে আমরা তৃতীয় একটি মতামত নিতে চাই।’
সাম্প্রতিক সময়ে একের পর এক চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের দল চূড়ান্ত করতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে নির্বাচকদের। প্রধান নির্বাচক হাবিবুল বাশারও স্বীকার করেছেন, ১৫ সদস্যের দল নির্বাচন করা তাদের জন্য কঠিন হয়ে পড়েছিল।
নাহিদ পুরো সফর থেকে ছিটকে গেলেও আরেক পেসার শরিফুল ইসলাম হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না। কাফের চোটে প্রথম ম্যাচে থাকছেন না উইকেটকিপার-ব্যাটার লিটন দাসও।
হাবিবুল বলেন, ‘আমরা কয়েক সপ্তাহ আগেই দল ঘোষণা করতে চেয়েছিলাম। টেস্ট দল সম্ভবত আমাদের সবচেয়ে স্থিতিশীল দল। গত কয়েকটি সিরিজে তারা ভালো খেলেছে। দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ায় ফিরছি এবং নিজেদের কন্ডিশনে তারা খুব শক্তিশালী দল। আমাদের মনে হয়েছিল, তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো প্রস্তুতি ও অবস্থায় দলটি ছিল।’
চোটের ধাক্কায় সেই পরিকল্পনা পাল্টে গেছে জানিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘একটির পর একটি চোট আসার পর কাজটি কঠিন হয়ে পড়ে। শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আশা ছিল, গুরুত্বপূর্ণ খেলোয়াড়েরা দুই টেস্টে না পারলেও অন্তত একটিতে খেলতে পারবে। কিন্তু খেলাধুলায় সব সময় সবাইকে পাওয়া যায় না। সফরের আগে করা পরিকল্পনাও সব সময় প্রত্যাশামতো এগোয় না।’
.png)




-f73a51.webp)
