logo

২০৬ ধাপ এগিয়ে সেরা একশতে ঢুকলেন মারুফা

২০৬ ধাপ এগিয়ে সেরা একশতে ঢুকলেন মারুফা

আইসিসির সর্বশেষ নারী ক্রিকেট র‍্যাংকিংয়ে বড় অগ্রগতি দেখিয়েছেন বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার। বিশেষ করে তরুণ পেসার মারুফা আক্তারের উন্নতিটা সবচেয়ে চোখে পড়ার মতো। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই বাংলাদেশের খেলোয়াড়েরা পেয়েছেন ইতিবাচক খবর।

মঙ্গলবার প্রকাশিত আইসিসির সর্বশেষ হালনাগাদ র‍্যাংকিং অনুযায়ী, আগের তালিকায় শীর্ষ একশর বাইরে থাকা মারুফা আক্তার এক লাফে ২০৬ ধাপ এগিয়ে সেরা একশতে জায়গা করে নিয়েছেন। নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে তিনি ৫ ম্যাচে ৭ উইকেট নেন, যার ফল হিসেবে ৩৬৪ রেটিং পয়েন্ট নিয়ে এখন ৯৩ নম্বরে অবস্থান করছেন ২১ বছর বয়সী এই পেসার।

ব্যাটিং তালিকাতেও উন্নতি হয়েছে কয়েকজনের। বাছাইপর্বে ১৫৪ রান করা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি তিন ধাপ এগিয়ে এখন ১৯ নম্বরে। একই টুর্নামেন্টে ২৬২ রান করা সোবহানা মোস্তারি ১৬ ধাপ উন্নতি করে ৩৬ নম্বরে উঠেছেন। দিলারা আক্তার দোলাও পাঁচ ধাপ এগিয়ে অবস্থান করছেন ৬৫ নম্বরে।

তবে সবার জন্য খবরটা সুখকর হয়নি। বাছাইপর্বে ১৯৫ রান করলেও অভিজ্ঞ ব্যাটার শারমিন আক্তার সুপ্তা র‍্যাংকিংয়ে ১৩ ধাপ পিছিয়ে এখন ৪৮ নম্বরে নেমে গেছেন।

বোলিং বিভাগে মারুফার পাশাপাশি এগিয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তারও। তিনি আট ধাপ উন্নতি করে উঠে এসেছেন ২৮ নম্বরে। আর তরুণ অলরাউন্ডার স্বর্ণা আক্তার বড় লাফ দিয়ে ৪৩ ধাপ এগিয়ে বর্তমানে ৭৪ নম্বরে অবস্থান করছেন।