logo

বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্ষতি শত কোটি টাকার, দাবি ভারতীয় গণমাধ্যমের

বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্ষতি শত কোটি টাকার, দাবি ভারতীয় গণমাধ্যমের

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের সামনে শুধু ক্রিকেটীয় নয়, বড় ধরনের আর্থিক ঝুঁকিও তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, টুর্নামেন্ট বয়কট করলে বাংলাদেশ ক্রিকেটের সম্ভাব্য ক্ষতির অঙ্ক দাঁড়াতে পারে প্রায় ৩৩০ কোটি টাকা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না এ অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানালেও আইসিসি সূচি পরিবর্তনে অস্বীকৃতি জানায়। সংস্থাটি বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সময়সীমা বেঁধে দিলেও, সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আইসিসির নিরাপত্তা মূল্যায়ন বাংলাদেশের কাছে গ্রহণযোগ্য নয়।

এই টানাপোড়েনের ফলে বাংলাদেশের অংশগ্রহণ এখন গুরুতর অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিসিবির রাজস্ব আয়ে বড় ধাক্কা লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় সংবাদ সংস্থার তথ্যের ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশের সম্ভাব্য ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় ২৭ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৩০ কোটি টাকা। সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ এবং চলতি আর্থিক বছরের অন্যান্য আয় থেকে বঞ্চিত হওয়ার কারণে মোট বার্ষিক আয়ের বড় অংশ হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, এতে বিসিবির মোট বার্ষিক আয়ের প্রায় ৬০ শতাংশ পর্যন্ত প্রভাব পড়তে পারে।

এদিকে, বাংলাদেশ সরে দাঁড়ালে র‍্যাঙ্কিং বিবেচনায় স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে নেওয়ার সম্ভাবনার কথাও আলোচনায় রয়েছে। যদিও এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। ক্রিকেট স্কটল্যান্ডের কর্মকর্তারাও আপাতত মন্তব্য করতে রাজি হননি।

সূচি অনুযায়ী বাংলাদেশের ভারতে চারটি ম্যাচ খেলার কথা ছিল- তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। সাম্প্রতিক সময়ে আইপিএল সংক্রান্ত কিছু সিদ্ধান্ত এবং ‘পরিবর্তিত পরিস্থিতি’র কারণে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের পরই নিরাপত্তা ইস্যুটি আরও জোরালোভাবে সামনে আসে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

বিশ্বকাপ শুরুর সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে চাপ। আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশের চূড়ান্ত অবস্থান পরিষ্কার হয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মাঠের বাইরে এই সিদ্ধান্তই হয়তো নির্ধারণ করবে, বাংলাদেশের জন্য এবারের বিশ্বকাপ স্মরণীয় হবে মাঠের লড়াইয়ে— নাকি আর্থিক ও কূটনৈতিক বিতর্কে।