না ফেরার দেশে বিসিবি কোচ ছোটন

মাত্র ৪২ বছর বয়সে মারা গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ মোহাম্মদ মোসাদ্দেক হোসেন ছোটন। শনিবার (১৭ অক্টোবর) সকালে ঢাকায় হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছোটনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিসিবি। মৃত্যুর আগে সংস্থাটির অধীনে ঢাকা জেলার কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
২০১১ সালে বিসিবিতে যোগ দেন ছোটন। এরপর প্রায় ১৫ বছর দেশের বয়সভিত্তিক ক্রিকেটে কাজ করেছেন। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বিভাগীয় দল এবং ইয়ুথ ক্রিকেট লিগের (ওয়াইসিএল) বিভিন্ন দলের কোচিং প্যানেলে দায়িত্ব পালন করেছেন তিনি।
বিসিবি-এসিসি লেভেল-২ সনদধারী কোচ ছিলেন ছোটন। ঢাকা জেলার দায়িত্ব নেওয়ার আগে ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।
ছোটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিসিবি। এক শোকবার্তায় তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
