logo

স্টোকসদের ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন নারী বিশ্বকাপজয়ী ক্রিকেটার

স্টোকসদের ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিচ্ছেন নারী বিশ্বকাপজয়ী ক্রিকেটার
সারাহ টেলর। ছবি: সংগৃহীত

খেলোয়াড়ি জীবনে উইকেটকিপিং দিয়ে মুগ্ধ করেছেন ক্রিকেটবিশ্বকে। এবার কোচ হিসেবেও ইতিহাসের অংশ হলেন ইংল্যান্ডের সাবেক নারী ক্রিকেটার সারাহ টেলর। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ইংল্যান্ড পুরুষ দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক এই ইংলিশ উইকেটকিপার। ইংল্যান্ডের বড় কোনো পুরুষ জাতীয় দলের কোচিং স্টাফে নারী কোচ হিসেবে এটি এক ঐতিহাসিক নিয়োগ।

৩৬ বছর বয়সি টেলর ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ২২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০০৯ ও ২০১৭ ওয়ানডে বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের সদস্য ছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে তাকে শুধু নারী ক্রিকেট নয়, গোটা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেটকিপারদের একজন হিসেবে বিবেচনা করা হয়।

ইংল্যান্ড পুরুষ দলের ক্রিকেট ব্যবস্থাপনা পরিচালক রব কি টেলরকে নিয়ে বলেছেন, নিজের কাজে তিনি “সেরাদের একজন”। ইংল্যান্ড লায়ন্সে অ্যান্ড্রু ফ্লিনটফ ও পারফরম্যান্স ডিরেক্টর এড বার্নির সঙ্গে কাজ করেছেন টেলর। সেই অভিজ্ঞতা ও মূল্যায়নের ভিত্তিতেই তাকে সিনিয়র দলে আনা হয়েছে।

টেলরের এই নিয়োগ আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য। ইংল্যান্ডের নিয়মিত ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন বর্তমানে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসের সঙ্গে কাজ করছেন। তবে রব কি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতেও টেলর ও হপকিনসন দুজনই ইংল্যান্ড সেটআপে কাজ করতে পারেন।

নিয়োগটি শুধু প্রতীকী নয়, ক্রিকেটীয় প্রয়োজনও বড়। অস্ট্রেলিয়ায় সর্বশেষ অ্যাশেজে বাজে পারফরম্যান্সের পর ইংল্যান্ডের পেশাদারত্ব, প্রস্তুতি ও ফিল্ডিং মান নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। সেই সফরে ইংল্যান্ডের পূর্ণকালীন ফিল্ডিং কোচ ছিল না, আর গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ফেলার ঘটনা বড় আলোচনায় আসে। নিউজিল্যান্ড সিরিজের আগে তাই ফিল্ডিং বিভাগে বিশেষ নজর দিচ্ছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের প্রথম টেস্ট শুরু হবে ৪ জুন, লর্ডসে। সিরিজের আগে ২৫ মে থেকে লাফবরোতে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প করবে ইংল্যান্ড। প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামও সেখানে উপস্থিত থাকবেন। নিউজিল্যান্ড সিরিজের দলে ফিরেছেন পেসার অলি রবিনসন, আর ডাক পেয়েছেন আনক্যাপড জেমস রিউ, এমিলিও গে ও সনি বেকার।

কোচিংয়ে অবশ্য টেলরের অভিজ্ঞতা নতুন নয়। অবসরের পর তিনি সাসেক্স, ম্যানচেস্টার অরিজিনালস ও ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে কাজ করেছেন। গত শীতেও ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে ছিলেন তিনি। এবার সেই পথই তাকে নিয়ে গেল ইংল্যান্ড পুরুষ দলের ড্রেসিংরুমে।