logo

নিউজিল্যান্ডকে উড়িয়ে সুপার এইটের পথে দক্ষিণ আফ্রিকা

নিউজিল্যান্ডকে উড়িয়ে সুপার এইটের পথে দক্ষিণ আফ্রিকা

আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে গ্রুপ ‘ডি’র শীর্ষস্থান দখল করেছে দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা। বোলিংয়ে মার্কো ইয়ানসেনের চার উইকেট এবং ব্যাটে অধিনায়ক এইডেন মার্করামের ঝড়ো ইনিংসই নিশ্চিত করে বড় জয়।

১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকা খুব বেশি বেগ পেতে হয়নি। ১৭ বল হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় তারা। অধিনায়ক মার্করাম ৪৪ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন, যেখানে ছিল ৮টি চার ও ৪টি ছক্কা। শুরুতে কুইন্টন ডি কক ২০ রান করেন। পরে রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস দুজনই করেন ২১ রান করে। শেষ দিকে অভিজ্ঞ ডেভিড মিলার ১৭ বলে অপরাজিত ২৪ রান করে দলের জয় নিশ্চিত করেন।

নিউজিল্যান্ডের হয়ে লকি ফার্গুসন, জেমস নিশাম ও রাচিন রাভিন্দ্র একটি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান তোলে নিউজিল্যান্ড। ইনিংসের শুরুটা ভালো হলেও মাঝপথে ধাক্কা খায় কিউইরা। ওপেনার ফিন অ্যালেন ১৭ বলে ৩১ রান করে দলকে দ্রুত এগিয়ে নিলেও ইয়ানসেনের আঘাতে দ্রুত তিন উইকেট হারায় তারা। এরপর মার্ক চ্যাপম্যান ও ড্যারিল মিচেল পঞ্চম উইকেটে ৭৪ রানের জুটি গড়ে ইনিংস সামাল দেন।

চ্যাপম্যান ২৬ বলে ৪৮ রান করেন, যেখানে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। মিচেল করেন ২৪ বলে ৩২ রান। শেষ দিকে জেমস নিশাম ১৫ বলে অপরাজিত ২৩ রানের ক্যামিও ইনিংস খেলেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে বোলিংয়ে সেরা ছিলেন মার্কো ইয়ানসেন। ৪ ওভারে ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। এছাড়া কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি ও করবিন বোশ একটি করে উইকেট পান।

এই জয়ের ফলে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিয়ে গ্রুপ ‘ডি’তে শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা, অন্যদিকে নিউজিল্যান্ডকে অপেক্ষা করতে হচ্ছে পরের ম্যাচের জন্য।