ম্যাকের উইকেটে পেসারদের দাপট, কী অপেক্ষা করছে বাংলাদেশের জন্য

ডারউনে ইতিহাস গড়ার পর বাংলাদেশের সামনে এবার সিরিজ জয়ের হাতছানি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে নাজমুল হোসেন শান্তদের খেলতে হবে সম্পূর্ণ অচেনা এক মাঠে। ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় এর আগে কখনো টেস্ট হয়নি। মাঠটির অতীত পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পেসারদের আশাবাদী করতে পারে।
এখন পর্যন্ত এই মাঠে হয়েছে মাত্র পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ। সেখানে স্পষ্ট দাপট দেখা গেছে পেসারদের। পেস বোলাররা নিয়েছেন ১২২ উইকেট, গড় ২৩.৬৭। বিপরীতে স্পিনারদের ৫০ উইকেট এসেছে ৩১.৭৬ গড়ে।
ম্যাকেতে সবচেয়ে সফল বোলার অস্ট্রেলিয়ার সাবেক পেসার মাইকেল কাসপ্রোভিচ। মাত্র ৭.৯১ গড়ে তার শিকার ১২ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে ৩৮টি টেস্ট, ৪৩টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলা এই পেসারের সাফল্যও মাঠটিতে গতির বোলারদের সুবিধা পাওয়ার ইঙ্গিত দেয়।
সবশেষ ২০২৪ সালের অক্টোবর-নভেম্বরে এখানে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া ‘এ’ ও ভারত ‘এ’। সাত উইকেটে জেতা সেই ম্যাচে অস্ট্রেলিয়ার পেসার ব্রেন্ডন ডগেট প্রথম ইনিংসে মাত্র ১৫ রান দিয়ে নিয়েছিলেন ছয় উইকেট।
মাঠটির পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচে প্রথম ইনিংসের গড় সংগ্রহ ২৫৭ রান। টস জেতা অধিনায়ক তিনবার আগে ব্যাটিং নিয়েছেন। টসজয়ী দল ম্যাচ জিতেছে চারবার। ফলে ব্যাটিংয়ের পাশাপাশি টসও এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
ডারউনের প্রথম টেস্টেও বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ভিত গড়ে দিয়েছিলেন পেসাররা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের সব কটি উইকেটই নিয়েছিলেন বাংলাদেশের গতির বোলাররা। একাই ছয় উইকেট শিকার করেছিলেন হাসান মাহমুদ। ম্যাকের অতীত চিত্র তাই হাসান, তাসকিন আহমেদদের জন্য বাড়তি আত্মবিশ্বাসের কারণ হতে পারে।
তবে পরিসংখ্যানের নমুনা খুবই সীমিত। এই মাঠে আগে কোনো টেস্ট না হওয়ায় পাঁচ দিনের ম্যাচে উইকেটের আচরণ কেমন হবে, তা নিশ্চিতভাবে বলার সুযোগ নেই। ম্যাচ এগোনোর সঙ্গে সঙ্গে স্পিনাররা কতটা সহায়তা পাবেন, সেটিও বড় প্রশ্ন।
শনিবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। ডারউনে নয় উইকেটের জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ম্যাকেতে জয় কিংবা ড্র পেলেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে শান্তর দল।



