বিপিএল ফিক্সিং তদন্তে সাবেক বিসিবি পরিচালকের নাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে বিসিবির ইন্টেগ্রিটি ইউনিটের করা তদন্ত প্রতিবেদনে সাবেক পরিচালক মোখলেসুর রহমান শামীমের নাম এসেছে। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে এশিয়া পোস্টকে।
সূত্র জানিয়েছে, ইন্টেগ্রিটি ইউনিটের স্বাধীন চেয়ারম্যান অ্যালেক্স মার্শালের তৈরি প্রতিবেদনে শামীম ছাড়াও আরও দুজনের নাম রয়েছে। তবে তাদের পরিচয় এখনই প্রকাশ করা হয়নি। প্রতিবেদনটি বর্তমানে বিসিবির আইনজীবীরা পর্যালোচনা করছেন। আইনি প্রক্রিয়া শেষ হলে বোর্ড আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানাতে পারে।
চলতি বছরের জানুয়ারিতে শামীমের বিরুদ্ধে বিপিএলের ফিক্সিং-সংশ্লিষ্ট অভিযোগ সামনে আসে। একটি ফোনালাপকে কেন্দ্র করে অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয় অ্যালেক্স মার্শালকে।
তৎকালীন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন, দুর্নীতিবিরোধী কার্যক্রমের মাধ্যমে বিসিবির একজন পরিচালককে সম্পৃক্ত করে একটি ফোনালাপের তথ্য পাওয়া গেছে। তবে ওই পরিচালক ফিক্সিংয়ে জড়িত ছিলেন নাকি কোনো ধরনের চেষ্টা করেছিলেন, তদন্ত শেষ হওয়ার আগে সেটি বলা সম্ভব নয় বলেও উল্লেখ করেছিলেন তিনি।

অভিযোগ প্রকাশ্যে আসার পর অডিট কমিটির চেয়ারম্যানসহ বিসিবির সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দেন শামীম। তাঁর দাবি ছিল, নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তের সুযোগ করে দিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দায়িত্ব থেকে সরে দাঁড়ানো কোনোভাবেই দায় স্বীকার নয় বলেও জানিয়েছিলেন সাবেক এই বিসিবি পরিচালক।
গেল জুনে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পরও তদন্ত কার্যক্রম চলতে থাকে। এর আগে ইন্টেগ্রিটি ইউনিটের তদন্তের ভিত্তিতে বিপিএল-সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগে চারজনকে অভিযুক্ত ও সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল বিসিবি।
তাঁরা হলেন দলীয় ব্যবস্থাপক মো. লাবলুর রহমান ও রেজওয়ান কবির সিদ্দিকী, ফ্র্যাঞ্চাইজির সহমালিক মো. তৌহিদুল হক তৌহিদ এবং ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার। আলাদা তদন্তের ভিত্তিতে সামিনুর রহমানকে ক্রিকেটীয় কার্যক্রম থেকে বাদ দেওয়ার আদেশও দেওয়া হয়।
বিসিবি সভাপতি তামিম সম্প্রতি জানিয়েছেন, দুর্নীতিসংশ্লিষ্ট আরও চার থেকে পাঁচজনের নাম প্রকাশের প্রস্তুতি চলছে। আইনজীবীদের অনুমোদন পাওয়ার পর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নামগুলো জানানো হবে।



