ক্রিকেট বিশ্বকাপের টিকিট পেতে ১২ দিনেই দেড় কোটির বেশি আবেদন

২০২৭ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে এখনো প্রায় এক বছর বাকি। অথচ টুর্নামেন্টের টিকিটের জন্য এরই মধ্যে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। আবেদন শুরুর মাত্র ১২ দিনে দেড় কোটির বেশি টিকিটের চাহিদা জমা পড়েছে। বিশ্বের ১৪২টি দেশের সমর্থকদের কাছ থেকে এমন সাড়া পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটের আবেদনের সর্বশেষ তথ্য জানিয়েছে আইসিসি। সংস্থাটির হিসাবে, গত ১ অক্টোবর থেকে সোমবার পর্যন্ত মোট ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৭৫২টি টিকিটের জন্য আবেদন জমা পড়েছে। এসব টিকিটের জন্য নিবন্ধন হয়েছে ৪৪ লাখ ২৩ হাজার ৪১৭টি।
বিশ্বকাপের টিকিটের চাহিদা কতটা বেশি, তা বোঝা যায় গত এক সপ্তাহের পরিসংখ্যানেই। গত ৬ অক্টোবর আইসিসি জানিয়েছিল, আবেদনের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। দুই সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই সেই সংখ্যা পৌঁছে গেছে দেড় কোটির ওপরে।
টিকিটের জন্য সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন যুক্তরাজ্যের ক্রিকেটপ্রেমীরা। এরপরই রয়েছে দক্ষিণ আফ্রিকা, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সমর্থকেরা।
ক্রিকেটপ্রেমীদের এমন আগ্রহে উচ্ছ্বসিত আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্ত। তার মতে, বিপুলসংখ্যক আবেদন বিশ্বকাপের জনপ্রিয়তা এবং আয়োজক হিসেবে আফ্রিকার আকর্ষণকেই তুলে ধরছে।
গুপ্ত বলেন, ‘টিকিটের বিপুল চাহিদা ক্রিকেট বিশ্বকাপের মর্যাদা ও আকর্ষণের প্রমাণ। একই সঙ্গে গন্তব্য হিসেবে আফ্রিকার প্রতি মানুষের আগ্রহ এবং বিশ্বকাপ ঘিরে প্রত্যাশার প্রতিফলনও এটি।’
টুর্নামেন্ট শুরুর আগে আগামী এক বছর বিশ্বকাপ ঘিরে বিভিন্ন প্রচারণা ও আয়োজনের পরিকল্পনার কথাও জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী।
তবে দেড় কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়লেও এখনো কোনো টিকিট বিক্রি হয়নি। আইসিসি এবার টিকিট বরাদ্দের জন্য লটারিভিত্তিক ব্যবস্থা চালু করেছে। সমর্থকেরা বিনা মূল্যে নিবন্ধন করে নিজেদের পছন্দের ম্যাচের টিকিটের জন্য আবেদন করতে পারবেন।
একজন সমর্থক একটি ম্যাচের জন্য একবার আবেদন করতে পারবেন। তবে একাধিক ম্যাচের জন্য আবেদন করা যাবে। প্রতিটি ম্যাচের জন্য সর্বোচ্চ চারটি টিকিট চাওয়ার সুযোগ রয়েছে।
কোনো ম্যাচে আসনের তুলনায় আবেদন বেশি হলে লটারির মাধ্যমে টিকিট কেনার সুযোগ পাবেন নির্বাচিত আবেদনকারীরা। পরে তাদের ইমেইলে টিকিট কেনার প্রক্রিয়া জানিয়ে দেওয়া হবে। তবে নিবন্ধন করলেই টিকিট পাওয়ার নিশ্চয়তা নেই।
আবেদন আগে করলেও বাড়তি সুবিধা পাওয়া যাবে না। আগামী ২১ নভেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ রেখেছে আইসিসি। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোর ৩টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
২০২৭ সালের ২ অক্টোবর শুরু হবে ওয়ানডে বিশ্বকাপের চতুর্দশ আসর। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ২৪ বছর পর আবারও আফ্রিকার মাটিতে ফিরছে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ।
এবারের আসরে অংশ নেবে ১৪টি দল। তিন দেশের ১২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৫৭টি ম্যাচ। আগামী ৮ অক্টোবর নামিবিয়ার উইন্ডহোকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।
নতুন কাঠামোয় আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর, জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। ঠিক এক বছর আগে পর্যন্ত টিকিটের আবেদনের সুযোগ রেখেছে আইসিসি।