logo
Advertisement

সূর্যবংশীর উদাহরণ টেনে পিএসএলকে প্রশ্ন ওয়াসিমের

সূর্যবংশীর উদাহরণ টেনে পিএসএলকে প্রশ্ন ওয়াসিমের
বৈভব সূর্যবংশী ও ওয়াসিম আকরাম। পুরোনো ছবি

এক দশক পার করেছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। কিন্তু এই সময়ে প্রতিযোগিতাটি উল্লেখ করার মতো একজন ব্যাটসম্যানও তৈরি করতে পেরেছে কি না, সেই প্রশ্ন তুলেছেন ওয়াসিম আকরাম। তুলনা টানতে গিয়ে ভারতের কিশোর ব্যাটার বৈভব সূর্যবংশীর উদাহরণ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

পাকিস্তান ক্রিকেটের সাম্প্রতিক সংকট নিয়ে কথা বলতে গিয়ে দেশের ব্যাটিং প্রতিভার ঘাটতিকেই বড় সমস্যা হিসেবে দেখিয়েছেন ওয়াসিম।

তিনি বলেন, ‘পিএসএল শুরু হয়েছে ১০ বছর হয়ে গেল। কিন্তু পিএসএল কি একজন ব্যাটসম্যানও তৈরি করেছে? কয়েকজন বোলার অবশ্যই এসেছে, কিন্তু উল্লেখ করার মতো কোনো ব্যাটিং প্রতিভা কি আমরা তৈরি করতে পেরেছি?’

এরপরই ভারতের সূর্যবংশীর প্রসঙ্গ টানেন সাবেক এই পেসার।

ওয়াসিম বলেন, ‘যেদিন আমরা ওই ১৪ বছরের ছেলেটির মতো একজন ব্যাটিং প্রতিভা তৈরি করতে পারব, তখনই উন্নতি দেখতে শুরু করব।’ তার ইঙ্গিত ছিল বৈভব সূর্যবংশীর দিকে, যার বর্তমান বয়স ১৫ বছর।

খুব অল্প বয়সেই ভারতীয় ক্রিকেটে আলোড়ন তুলেছেন সূর্যবংশী। আইপিএলে ১৪ বছর বয়সে অভিষেকের পর প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন তিনি। পরের কয়েক মাসে বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটেও একের পর এক বড় ইনিংস খেলেছেন এই বাঁহাতি ব্যাটার।

ওয়াসিমের মতে, পাকিস্তানে প্রতিভার অভাব নেই। তবে সেই প্রতিভাকে তুলে আনার পথটাই দুর্বল হয়ে গেছে। বিশেষ করে ক্লাব ক্রিকেটকে আবার শক্তিশালী করার ওপর জোর দিয়েছেন তিনি।

সাবেক পাকিস্তান অধিনায়ক বলেন, ‘লাল বলের ক্রিকেটে উন্নতি চাইলে ক্লাব ক্রিকেটকে আবার দাঁড় করাতে হবে। করাচি ও লাহোরে পিসিবির বড় অঙ্কের অর্থ খরচ করা উচিত, কারণ প্রতিভা আসে ক্লাব ক্রিকেট থেকেই।’

পিএসএলের সঙ্গে ওয়াসিমের সম্পর্কও দীর্ঘদিনের। ইসলামাবাদ ইউনাইটেড, মুলতান সুলতানস ও করাচি কিংসের সঙ্গে বিভিন্ন সময়ে কাজ করেছেন তিনি। এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ও পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পাকিস্তানের বর্তমান সংকটকে অবশ্য শুধু পিএসএলের ব্যর্থতা হিসেবে দেখছেন না ওয়াসিম। তার মতে, ঘরোয়া কাঠামোকে কয়েক বছর একইভাবে চলার সুযোগ দিতে হবে। বারবার পরিবর্তন করলে দীর্ঘমেয়াদে কোনো ফল পাওয়া যাবে না।