logo
Advertisement

৫৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন বৈভব সূর্যবংশী

এশিয়া পোস্ট স্পোর্টস
৫৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন বৈভব সূর্যবংশী
বৈভব সূর্যবংশী। ছবি: জিওহটস্টার

মাত্র আট রানের জন্য ছোঁয়া হলো না শতক। সেই আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বৈভব সূর্যবংশীকে। তবে তার আগেই দুলীপ ট্রফির ৫৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে ইতিহাসে নাম লিখিয়েছেন ভারতের ১৫ বছর বয়সী এই বিস্ময়বালক।

Advertisement

বেঙ্গালুরুতে সেন্ট্রাল জোনের বিপক্ষে সেমিফাইনালে ইস্ট জোনের হয়ে ৮১ বলে ৯২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন সূর্যবংশী। সাতটি চার ও সাতটি ছক্কায় সাজানো তার ইনিংসটি শেষ হয় হর্ষ দুবের বলে আরশাদ খানের হাতে ক্যাচ দিয়ে।

মাত্র ৪২ বলে ছক্কা মেরে অর্ধশতক পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটার। সেদিন তার বয়স ছিল ১৫ বছর ১৫৭ দিন। এর মাধ্যমে দুলীপ ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সে অর্ধশতক করার রেকর্ড গড়েছেন তিনি।

আগের রেকর্ডটি ছিল লক্ষ্মণ সিংয়ের। ১৯৬৯ সালের প্রতিযোগিতায় ১৬ বছর ২৩ দিন বয়সে অর্ধশতক করেছিলেন তিনি। ৫৭ বছর পর তার নাম রেকর্ড বই থেকে সরিয়ে দিলেন সূর্যবংশী। তালিকার পরের স্থানে থাকা পীযূষ চাওলা ২০০৫ সালে ১৬ বছর ৩০৭ দিন বয়সে অর্ধশতক করেছিলেন।

ইনিংসের শুরুতে অবশ্য ভাগ্যের সহায়তাও পেয়েছিলেন সূর্যবংশী। ব্যক্তিগত ৪০ রানে তার ক্যাচ ফেলেন সেন্ট্রাল জোনের একজন ফিল্ডার। জীবন পেয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। সারাংশ জৈনের এক ওভারেই চার ও ছক্কা মেরে পৌঁছে যান নব্বইয়ের ঘরে।

শতক থেকে তখন মাত্র আট রান দূরে ছিলেন সূর্যবংশী। আরেকটি ইতিহাসও হাতছানি দিচ্ছিল তাকে। শতকটি করতে পারলে দুলীপ ট্রফির সবচেয়ে কম বয়সী সেঞ্চুরিয়ান হয়ে যেতেন তিনি

সেই রেকর্ডটি এখনও শচীন টেন্ডুলকারের দখলে। ১৯৯০-৯১ মৌসুমে ১৭ বছর ২৬২ দিন বয়সে দুলীপ ট্রফিতে শতক করেছিলেন ভারতের কিংবদন্তি ব্যাটার। সূর্যবংশীর সামনে ৩৬ বছরের পুরোনো সেই রেকর্ড ভাঙার সুযোগ থাকলেও বড় শট খেলতে গিয়ে থেমে যায় তার ইনিংস।

অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে দেড়শ রানের বেশি উদ্বোধনী জুটি গড়ে ইস্ট জোনকে শক্ত ভিতও এনে দেন সূর্যবংশী। এর আগে প্রথম ইনিংসে সেন্ট্রাল জোনকে ২৬৬ রানে অলআউট করেছিল ইস্ট জোন।

দুলীপ ট্রফিতে নিজের প্রথম ম্যাচে মাত্র আট রান করেছিলেন সূর্যবংশী। দ্বিতীয় ম্যাচেই রেকর্ড গড়া ৯২ রানের ইনিংস খেললেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দ্বিতীয় অর্ধশতক। আগেরটি করেছিলেন গত রঞ্জি ট্রফিতে মেঘালয়ের বিপক্ষে, মাত্র ৩৩ বলে।

শতক না পাওয়ার আক্ষেপ থাকলেও ১৫ বছর বয়সেই দুলীপ ট্রফির রেকর্ড বই নতুন করে লিখলেন সূর্যবংশী।

৫৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন বৈভব সূর্যবংশী