logo

ডি থ্রির নিলামে তাসকিন-তানজিদের দাপট

ডি থ্রির নিলামে তাসকিন-তানজিদের দাপট
তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিম। ছবি: কোলাজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া প্রতিযোগিতা ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফির নিলামে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে রীতিমতো কাড়াকাড়ি চলছে। বিশেষ করে তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিমকে দলে নিতে একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এখন পর্যন্ত সর্বোচ্চ ২ কোটি ১০ লাখ পয়েন্টে তাসকিনকে দলে নিয়েছে ওয়ালটন। অন্যদিকে ২ কোটি পয়েন্টে তানজিদকে পেয়েছে ফরচুন গ্রুপ।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠিত হচ্ছে ডি থ্রি ট্রফির খেলোয়াড় নিলাম। প্রচলিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মতো টাকার পরিবর্তে এখানে ক্রিকেটারদের জন্য দর হাঁকা হচ্ছে পয়েন্টের ভিত্তিতে। প্রতিটি দলকে দেওয়া হয়েছে ১০ কোটি পয়েন্টের বাজেট। সেই সীমার মধ্যে থেকে আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া তিন সংস্করণের প্রতিযোগিতার জন্য স্কোয়াড গুছিয়ে নিচ্ছে ছয় ফ্র্যাঞ্চাইজি।

নিলামে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে জাতীয় দলের পেসার তাসকিনকে ঘিরে। একাধিক দলের প্রতিদ্বন্দ্বিতায় তার দর ওঠে ২ কোটি ১০ লাখ পয়েন্টে। শেষ পর্যন্ত তাকে দলে নিতে সফল হয় ওয়ালটন। ফ্র্যাঞ্চাইজিটির আইকন ক্রিকেটার হিসেবে আগেই জায়গা পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

তাসকিনের পরই সর্বোচ্চ দর উঠেছে ওপেনার তানজিদ হাসানের। আক্রমণাত্মক এই বাঁহাতি ব্যাটারকে নিয়ে একাধিক দল আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত ২ কোটি পয়েন্টে তাকে দলে নেয় ফরচুন গ্রুপ। দলটির আইকন ক্রিকেটার তাওহীদ হৃদয়।

নিলামে বড় অঙ্কের পয়েন্টে দল পেয়েছেন জাতীয় দলের আরেক ব্যাটার সাইফ হাসানও। তাকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস সিমেন্ট। জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম এই ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটার।

এদিকে নাজমুল হোসেন শান্তকে দলে নিয়ে ব্যাটিং শক্তি আরও বাড়িয়েছে ফরচুন। একই দলে থাকছেন সৌম্য সরকার ও লেগ স্পিনার রিশাদ হোসেনও। সৌম্যকে ৭৫ লাখ এবং রিশাদকে ৬০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

তবে রিশাদকে টি-টোয়েন্টি সংস্করণে পাবে না ফরচুন। ওই সময় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ব্যস্ত থাকবেন তিনি। ফলে তাকে মূলত প্রতিযোগিতার বাকি দুই সংস্করণের কথা মাথায় রেখে দলে নেওয়া হয়েছে।

নিলামের শুরুতেই আলোচনায় আসেন স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তাকে পেতে একমি, ফরচুন, ব্লুস্টার ও সিটিজেনস ব্যাংকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত দেড় কোটি পয়েন্টে তাঁকে দলে নেয় ব্লুস্টার। এই দলের আইকন ক্রিকেটার উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

তবে নিলামে কোটি কোটি পয়েন্টের দর উঠলেও সেই অঙ্কের অর্থ পাবেন না ক্রিকেটাররা। বিসিবির নির্ধারিত কাঠামো অনুযায়ী ম্যাচ ফি ও দৈনিক ভাতা পাবেন তারা। মূলত ক্রিকেটারদের চাহিদা এবং ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াড গঠনের কৌশল নির্ধারণ করতেই পয়েন্টভিত্তিক এই নিলাম পদ্ধতি চালু করা হয়েছে।

প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২৩ জনের স্কোয়াড গঠন করতে পারবে। এর মধ্যে একজন করে আইকন ক্রিকেটার আগেই নির্ধারণ করা হয়েছে। ফলে নিলাম থেকে বাকি ২২ জন ক্রিকেটার নেওয়ার সুযোগ রয়েছে দলগুলোর।

এবারের নিলামের চূড়ান্ত তালিকায় আছেন মোট ২৭৫ জন ক্রিকেটার। তাদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ছয়জন আইকন ক্রিকেটারসহ সব মিলিয়ে তালিকায় ছিলেন ২৮১ জন।

ওয়ালটনের আইকন ক্রিকেটার মিরাজ, ফরচুনের হৃদয়, সেভেন রিংস সিমেন্টের মুশফিক, ব্লুস্টারের সোহান, একমির মোসাদ্দেক হোসেন সৈকত ও সিটিজেনস ব্যাংকের নাঈম শেখ।

আগামী ১৫ ডিসেম্বর বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে টি-টোয়েন্টি প্রতিযোগিতা দিয়ে শুরু হবে ডি থ্রি ট্রফি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে একমি ও ফরচুন। টি-টোয়েন্টি পর্বের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর।

এরপর আগামী জানুয়ারিতে চার দিনের এবং মে মাসে অনুষ্ঠিত হবে ৫০ ওভারের প্রতিযোগিতা। তিন সংস্করণ মিলিয়ে মোট ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১৯টি টি-টোয়েন্টি, ১৬টি ওয়ানডে ও সাতটি চার দিনের ম্যাচ।