এখনই সূর্যবংশীকে জাতীয় দলে দেখতে চান না অশ্বিন

আইপিএলে ঝড় তোলা ইনিংসের পর তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীকে ঘিরে আলোচনা এখন তুঙ্গে। মাত্র ১৫ বলে ফিফটি করে নজর কাড়ার পর অনেকেই তাকে দ্রুত ভারত জাতীয় দলে দেখার দাবি তুলেছেন। তবে এই তাড়াহুড়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গুয়াহাটিতে সূর্যবংশীর বিস্ফোরক ব্যাটিংয়ের পর সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ ও মাইকেল ভন মনে করছেন, আইপিএল শেষেই তাকে জাতীয় দলে ডাক দেওয়া উচিত। কিন্তু অশ্বিন মনে করেন, এত দ্রুত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।
নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, সূর্যবংশীর সামনে দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে, তাই তাকে বাড়তি চাপ না দেওয়াই ভালো। অশ্বিনের ভাষায়, ‘সে এখনো শিশু। সময় হলে সে নিজেই ভারত দলে খেলবে। এত তাড়াহুড়া করার কী দরকার?’
অশ্বিন আরও বলেন, সূর্যবংশীর প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই। বিভিন্ন পর্যায়ে খেলে ইতোমধ্যেই নিজেকে প্রমাণ করেছে এই তরুণ। অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলে খেলেও রেকর্ড গড়েছে, আর আইপিএলেও দেখাচ্ছে পরিপক্বতার ছাপ।
গুয়াহাটির ম্যাচে কঠিন উইকেটেও যেভাবে ব্যাট করেছে সূর্যবংশী, তা মুগ্ধ করেছে অশ্বিনকেও। তার মতে, অন্য কোনো ব্যাটার যেখানে স্বচ্ছন্দ ছিল না, সেখানে সূর্যবংশীর শট নির্বাচন ও ব্যাটের গতি আলাদা করে চোখে পড়েছে।
এই তরুণকে নিয়ে উচ্ছ্বাস থাকলেও অশ্বিনের বার্তা স্পষ্ট—প্রতিভা আছে, সময়ও আছে, তাই তাড়াহুড়ো নয়; ধৈর্যই হতে পারে সূর্যবংশীর ক্যারিয়ারের সবচেয়ে বড় শক্তি।