logo

বিসিবির তদন্তে কেন সাড়া দেননি আসিফ মাহমুদ

বিসিবির তদন্তে কেন সাড়া দেননি আসিফ মাহমুদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগের নির্বাচন নিয়ে গঠিত তদন্ত কমিটির ডাকে সাড়া দেননি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কেন তিনি সাক্ষাৎকারে অংশ নেননি, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি।

জাতীয় ক্রীড়া পরিষদ গত মাসে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির সদস্যরা বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলেন এবং রোববার তাদের প্রতিবেদন জমা দেন। তবে আসিফ মাহমুদকে সাক্ষাৎকারের জন্য ডাকা হলেও তিনি উপস্থিত হননি।

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আসিফ বলেন, বিসিবি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও মন্ত্রণালয় এখতিয়ার বহির্ভূতভাবে তদন্ত করছে। তার দাবি, তদন্ত কমিটির প্রজ্ঞাপনেই আগাম সিদ্ধান্তের ইঙ্গিত ছিল।

তিনি আরও উল্লেখ করেন, বিষয়টি উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এ ধরনের তদন্ত আদালত অবমাননার শামিল হতে পারে। তাই জেনেশুনে এমন প্রক্রিয়ার অংশ হতে তিনি রাজি হননি।

একইসঙ্গে তিনি অভিযোগ করেন, বোর্ড সংশ্লিষ্টদের ওপর বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, ভবিষ্যৎ বোর্ডে পদ পাওয়ার প্রলোভন কিংবা ভয় দেখিয়ে পদত্যাগে বাধ্য করার মতো ঘটনাও ঘটছে।

অন্যদিকে তদন্ত কমিটির প্রধান এ কে এম আসাদুজ্জামান জানিয়েছেন, কাউকে অভিযুক্ত করার উদ্দেশ্যে নয়, নিরপেক্ষভাবে তদন্ত করা হয়েছে। আসিফকে শুধু তার বক্তব্য জানার সুযোগ দেওয়ার জন্যই ডাকা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

১১ মার্চ সাবেক বিচারপতির নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়। বিসিবির নির্বাচন প্রক্রিয়া কতটা সুষ্ঠু ছিল, সেটিই খতিয়ে দেখা ছিল তাদের মূল দায়িত্ব। নির্ধারিত সময়ের আগেই তারা প্রতিবেদন জমা দিয়েছে।

বিসিবির নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। বিভিন্ন ক্লাব সংগঠকের একটি অংশ অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছিল এবং ঘরোয়া ক্রিকেটের কিছু কার্যক্রমও স্থগিত হয়ে পড়ে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে তদন্তের পর্যায়ে যায়।