logo

তানজিদের বিদায়ের পরও জয়ের খুব কাছে বাংলাদেশ

তানজিদের বিদায়ের পরও জয়ের খুব কাছে বাংলাদেশ

মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে জয় এখন কেবল সময়ের অপেক্ষা বাংলাদেশের জন্য। ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা সামলেও দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে স্বাগতিকরা।

প্রথম ওভারেই সাইফ হাসান আউট হলেও এরপর ইনিংসের গতি বাড়ান তানজিদ হাসান তামিম। সৌম্য সরকার কিছুটা শুরু দিলেও বড় করতে পারেননি, তবে এরপর তানজিদ-নাজমুল হোসেন শান্ত জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

তানজিদ ছিলেন একেবারেই আলাদা ছন্দে। শুরু থেকেই বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছেন, স্পিন-ফাস্ট কাউকেই ছাড় দেননি। মাত্র ৫৮ বলে ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ১০টি চার ও ৪টি ছক্কা। তার এই ইনিংসই মূলত বাংলাদেশের জয় প্রায় নিশ্চিত করে দেয়।

শান্তও খেলেছেন পরিণত ইনিংস। ঝুঁকি না নিয়ে ইনিংস ধরে রেখে সঙ্গ দিয়েছেন তানজিদকে। পরে লিটন দাস ক্রিজে এসে রান তোলার কাজ এগিয়ে নিচ্ছেন।

২৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৪২ রান। জয়ের জন্য তখন প্রয়োজন মাত্র ৫৭ রান, হাতে ২৭ ওভার। রান রেট বা চাপ কোনোটাই আর বাধা হয়ে দাঁড়ানোর মতো ছিল না।

এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে নিউজিল্যান্ড। তরুণ পেসার নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা। নিক কেলি ৮৩ রানের লড়াই করলেও অন্য প্রান্তে কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ৪৮.৪ ওভারে ১৯৮ রানে অলআউট হয় সফরকারীরা।