শেষ টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতা ফেরাতে চায় কিউইরা

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিউজিল্যান্ডের। চট্টগ্রামে দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে কিউইরা। তাই মিরপুরে শেষ ম্যাচে জিতলেই সিরিজে সমতা ফেরানোর সুযোগ থাকবে সফরকারীদের সামনে।
তৃতীয় টি-টোয়েন্টির আগে সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড ব্যাটার ডিন ফক্সক্রফট জানালেন, দলের মনোভাব এখনও ইতিবাচক। প্রথম ম্যাচের ভুলগুলো নিয়ে আলাদা করে আলোচনা হয়েছে ব্যাটিং ও বোলিং বিভাগে।
ফক্সক্রফট বলেন, ‘শেষ ম্যাচটা ভেসে গেছে, তাই এখানে এসে সিরিজে সমতা ফেরানোর সুযোগ আছে আমাদের সামনে। দলের পরিবেশ ভালো, সবাই ইতিবাচক আছে। প্রথম টি-টোয়েন্টি নিয়ে ভাবার জন্য আমরা কয়েক দিন সময় পেয়েছি। ওই ম্যাচে আমরা অনেক ভালো কাজও করেছি, তবে কিছু জায়গায় নিয়ন্ত্রণ ভালো ছিল না, ব্যাটিং-বোলিং দুই দিকেই। সেগুলো নিয়েই আমরা কথা বলেছি।’
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে ভালো শুরু এনে দিয়েছিলেন কাটেনে ক্লার্ক ও ড্যান ক্লিভার। তাদের পাওয়ারপ্লে ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ফক্সক্রফট। তার মতে, দুজনই মাঠের চারদিকে শট খেলতে পারেন, যা পাওয়ারপ্লেতে বোলারদের জন্য কঠিন হয়ে যায়।
তিনি বলেন, ‘দুজনই পাওয়ারপ্লেতে খুব ভালো খেলোয়াড়। মাঠের চারদিকে রান করতে পারে, তাই বোলারদের জন্য কঠিন করে তোলে। তারা নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশেও ভালো করেছে। সুযোগটা তাদের প্রাপ্য ছিল। ড্রেসিংরুমও তাদের জন্য খুশি ছিল।’
তবে ভালো শুরুর পরও প্রথম ম্যাচে শেষ পর্যন্ত ১৮২ রান রক্ষা করতে পারেনি নিউজিল্যান্ড। শেষ দিকে তাওহীদ হৃদয় ও শামীম হোসেনের আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচ ঘুরিয়ে দেয় বাংলাদেশের দিকে। বিশেষ করে শামীমের ইম্প্রোভাইজিং শট নজর কেড়েছিল।
শামীমকে নিয়ে ফক্সক্রফট বলেন, ‘সে শেষ দিকে দুর্দান্ত ইনিংস খেলেছে। আমাদের ডেথ বোলারদের চাপে ফেলেছে। ওই জায়গাটাই আমাদের দেখতে হবে এবং আগামী ম্যাচে আরও ভালো করতে হবে। তার ওই শটটা অসাধারণ ছিল। আমাদের অনেকেই আগে তার বিপক্ষে খেলেনি। এখন আমরা বিশ্লেষণ করেছি, আশা করি ভালো পরিকল্পনা নিয়ে নামতে পারব।’
দ্বিতীয় ম্যাচ ভেসে যাওয়ার পর একাদশ বা কম্বিনেশন নিয়ে নতুন ভাবনা আছে কি না, সেটি নিশ্চিত করে জানাননি ফক্সক্রফট। তবে তার মতে, প্রথম ম্যাচে নিউজিল্যান্ড খুব বেশি পিছিয়ে ছিল না। কয়েকটি জায়গা ঠিক করলেই ফল বদলানো সম্ভব।
ফক্সক্রফট বলেন, ‘আমরা প্রথম ম্যাচে খুব দূরে ছিলাম না। হয়তো ব্যাটে-বলে পরিকল্পনায় কয়েক ওভার কম ভালো হয়েছে। এটা আমাদের জন্য কোনো আতঙ্কের বিষয় নয়। শুধু দুই বিভাগেই কিছু জিনিস গুছিয়ে নিতে হবে।’
নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট ফক্সক্রফট। বাংলাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতাকে তিনি ভিন্ন ও উপভোগ্য বলছেন। তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে শেষ ম্যাচে দলের জয়ে অবদান রাখাকেই বড় করে দেখছেন এই ব্যাটার।