আইপিএলের আগে সূর্যবংশীকে সতর্ক করলেন উথাপ্পা

মাত্র ১৪ বছর বয়সেই ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বৈভব সূর্যবংশী। তবে আইপিএল ২০২৬ শুরুর আগে এই তরুণ ব্যাটারকে সতর্কবার্তা দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা।
গত এক বছরে সূর্যবংশীর পারফরম্যান্স ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছেন বলে জানিয়েছেন উথাপ্পা। তার মতে, অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও তরুণ এই ব্যাটার এখনও অনেক কিছু শেখার পর্যায়ে আছেন।
স্টার স্পোর্টসে কথা বলতে গিয়ে উথাপ্পা বলেন, ‘গত ১২ মাসে বৈভবের প্রতিটি ম্যাচ আমি লক্ষ্য করেছি। সে অসাধারণ প্রতিভাবান। কিন্তু ব্যাট করতে দেখলে মনে হয় সে কিছুটা ভাগ্যের ওপর ভর করে খেলছে।’
তিনি আরও বলেন, ‘প্রথমবার মাঠে নামার যে নতুনত্ব ছিল, সেটি এখন আর নেই। এই মৌসুমটি তার জন্য শেখার একটি গুরুত্বপূর্ণ সময় হবে। হয়তো সে রান করবে, কিন্তু গত বছরের মতো আধিপত্য হয়তো দেখা যাবে না।’
আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বয়সে নিলামে কেনা খেলোয়াড় হিসেবে আলোচনায় আসেন সূর্যবংশী। এরপর রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক ম্যাচেই প্রথম বলে ছক্কা হাঁকিয়ে সবার নজর কাড়েন তিনি।
এর দুই ম্যাচ পরই গুজরাট টাইটান্সের বিপক্ষে মাত্র ৩৫ বলে সেঞ্চুরি করে নতুন রেকর্ড গড়েন এই তরুণ ব্যাটার। সেই মৌসুমে সাত ম্যাচে ২৫২ রান করেন সূর্যবংশী, যেখানে তার স্ট্রাইক রেট ছিল ২০৬.৫৫, যা ওই মৌসুমে ১০০-এর বেশি রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।
আসন্ন আইপিএল মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়ে ওপেনিংয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে জুটি গড়ার সম্ভাবনা রয়েছে সূর্যবংশীর। দলটিও নতুনরূপে মাঠে নামছে। রিয়ান পরাগকে অধিনায়ক করা হয়েছে এবং দলে যোগ দিয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, প্রতিভার ঝলক দেখালেও দ্বিতীয় মৌসুমে সূর্যবংশীর সামনে থাকবে আরও বড় চ্যালেঞ্জ—যেখানে তাকে প্রমাণ করতে হবে তিনি কেবল সম্ভাবনা নন, বরং ধারাবাহিক পারফরম্যান্স দিতে সক্ষম একজন ব্যাটার।
সূত্র: এনডিটিভি স্পোর্টস