বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন প্যাট কামিন্স

পিঠের চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স। তার জায়গায় বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বাঁহাতি পেসার বেন ডরসুইসকে।
এ ছাড়া দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান ম্যাথু শর্টও। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তরুণ ব্যাটার ম্যাট রেনশ। যদিও সদ্য শেষ হওয়া বিগ ব্যাশ লিগে দারুণ ফর্মে ছিলেন স্টিভেন স্মিথ, তবে প্রাথমিক স্কোয়াডে না থাকায় তাকে বিশ্বকাপ দলে বিবেচনা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।
কামিন্সকে শুরুতে অস্ট্রেলিয়ার প্রাথমিক ১৫ সদস্যের দলে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছিল, টুর্নামেন্টের শুরুতে না পারলেও পরে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন। ভারতের কন্ডিশনে অভিজ্ঞ এই পেসার আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক এবং তার নেতৃত্বেই ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।
দেশের হয়ে কামিন্স সর্বশেষ খেলেছেন গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি, ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে। সেটিই ছিল জুলাইয়ের পর তার একমাত্র আন্তর্জাতিক ম্যাচ। অ্যাশেজ সিরিজ নিশ্চিত হওয়ার পর তাকে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিশ্রামে পাঠানো হয়। তবে পুনর্বাসন চললেও পুরোপুরি সুস্থ হতে না পারায় বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন তিনি। ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, আইপিএলের আগে কামিন্স পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন।
বাঁহাতি পেসার ডরসুইস সদ্য শেষ হওয়া বিগ ব্যাশে ১২ ম্যাচে নিয়েছেন ১৬ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে ১৩টি টি–টোয়েন্টি ম্যাচে তার উইকেট সংখ্যা ২০।
এ ছাড়াও মাঝের ওভারে স্পিন সামলানো এবং ব্যাটিং গভীরতা বাড়ানোর লক্ষ্যে রেনশকে দলে নেওয়া হয়েছে। গত বছর ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে অভিষেকেই তিনি স্পিনারদের বিপক্ষে কার্যকর ব্যাটিং করে তিন ইনিংসে ৫৩.৫০ গড়ে ১০৭ রান করেন। সর্বশেষ বিগ ব্যাশেও ১৫৩ স্ট্রাইকরেটে ৩২৪ রান করেন এই ব্যাটার। যদিও পাকিস্তানের বিপক্ষে সদ্য অভিষেক টি-টোয়েন্টি ম্যাচে তিনি আউট হন ১৫ রান করে।