বিশ্বকাপ জয়ে ভারতকে প্রায় ১৭৪ কোটি টাকা পুরস্কার দিচ্ছে বিসিসিআই

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ জয়ের পর ভারতীয় দলকে বিশাল অঙ্কের অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চ্যাম্পিয়ন হওয়ায় আইসিসি থেকে পাওয়া অর্থের ৫ গুণ অর্থাৎ ১৩১ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৭৪ কোটি টাকা) নগদ পুরস্কার ঘোষণা করেছে সংস্থাটি, যা তাদের আগের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতে ভারত। অধিনায়ক সুর্যকুমার যাদবের নেতৃত্বে দলটি শুধু শিরোপাই জেতেনি, ইতিহাসও গড়েছে। তারা প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা সফলভাবে রক্ষা করেছে এবং একই সঙ্গে তৃতীয়বারের মতো ট্রফি জয়ের কৃতিত্বও অর্জন করেছে।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, এই পুরস্কার খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ ও নির্বাচকদের সম্মান জানাতেই দেওয়া হচ্ছে। সংস্থাটি দলের সাফল্যে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতের জন্যও শুভকামনা জানিয়েছে।
এর আগে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে ১২৫ কোটি রুপি পুরস্কার দিয়েছিল বিসিসিআই। এবার সেই অঙ্ক বাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) থেকেও উল্লেখযোগ্য অর্থ পেয়েছে ভারত। টুর্নামেন্ট জয়ের জন্য আইসিসি দিয়েছে ৩০ লাখ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ কোটির বেশি রুপি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট প্রাইজমানি ছিল প্রায় ১ কোটি ৩৫ লাখ ডলার, যা আগের আসরের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। গ্রুপ পর্ব ও সুপার এইট পর্যায়ে প্রতিটি ম্যাচ জয়ের জন্যও অতিরিক্ত পারফরম্যান্স বোনাস পেয়েছে ভারতীয় দল।