টেস্ট র্যাংকিংয়ে ইতিহাস, প্রথমবার সাত নম্বরে বাংলাদেশ

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে এখন সাফল্যের নতুন হাওয়া। মিরপুরের পর সিলেটেও পাকিস্তানকে হারিয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। দেশের মাটিতে পাকিস্তানকে প্রথমবার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর এবার আইসিসি র্যাংকিংয়েও বড় সুখবর পেল বাংলাদেশ।
আইসিসির হালনাগাদ টেস্ট র্যাংকিংয়ে প্রথমবারের মতো সাত নম্বরে উঠেছে বাংলাদেশ। পাকিস্তান সিরিজের আগে যেখানে অবস্থান ছিল নিচের দিকে, সিরিজ জয়ের পর রেটিং পয়েন্টে বড় লাফ দিয়েছে টাইগাররা। তাতেই ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে পেছনে ফেলে সাত নম্বর জায়গাটি নিজেদের করে নিয়েছে ফিল সিমন্সের দল।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ সাহসী পরিকল্পনা নিয়েছিল। মিরপুরের চিরচেনা মন্থর উইকেটের বদলে পেস বোলিং ও ব্যাটিং সহায়ক পিচে খেলেছে স্বাগতিকরা। সিলেটেও ছিল একই ধরনের ভাবনা। সেই পরিকল্পনার পূর্ণ প্রতিফলন দেখা গেছে মাঠে। ব্যাটিং, পেস বোলিং ও স্পিন তিন বিভাগেই দাপট দেখিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।
র্যাংকিংয়ে বাংলাদেশের উত্থানে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের। সর্বশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশ এখন আছে শ্রীলঙ্কার ঠিক নিচে। পাকিস্তান দুই ধাপ পিছিয়ে নেমে গেছে আট নম্বরে। ওয়েস্ট ইন্ডিজ এক ধাপ পিছিয়ে আছে নবম স্থানে। অন্যদিকে এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছে শ্রীলঙ্কা।
শীর্ষ পাঁচে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। ১৩১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকা, তৃতীয় ভারত। চার ও পাঁচ নম্বরে আছে যথাক্রমে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।



