logo

‘ম্যাচের আগে বিশৃঙ্খলা কি এই প্রথম’, পাল্টা প্রশ্ন সিমন্সের

‘ম্যাচের আগে বিশৃঙ্খলা কি এই প্রথম’, পাল্টা প্রশ্ন সিমন্সের
বাংলাদেশের কোচ ফিল সিমন্স। ছবি: ক্রিকবাজ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর মাত্র দুই দিন আগে বাংলাদেশ দলের প্রস্তুতির চেয়ে মাঠের বাইরের ঘটনাই বেশি আলোচনায়। ব্যাটিং কোচের পদ থেকে মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেওয়া, সদ্য সমাপ্ত ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে ব্যর্থতা এবং ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতি তামিম ইকবালের বৈঠক ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে এসব নিয়ে খুব একটা চিন্তিত নন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তার কাছে মাঠের বাইরের পরিস্থিতির চেয়ে গুরুত্বপূর্ণ সিরিজের প্রস্তুতি। অস্থিরতা নিয়ে প্রশ্নের মুখে উল্টো সাংবাদিকদের কাছেই জানতে চাইলেন, ম্যাচের আগে এমন ঘটনা কি এই প্রথম ঘটছে?

সোমবার (২৬ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন সিমন্স। আগামী বুধবার একই মাঠে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। গুরুত্বপূর্ণ এই সিরিজের আগে জাতীয় দলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হয় তাকে।

জবাবে ক্যারিবীয় এই কোচ বলেন, ‘আপনারা আমার চেয়ে অনেক বেশি সময় ধরে বাংলাদেশে আছেন। বিশ্ব ক্রিকেটও অনেক বেশি দিন ধরে দেখছেন। ম্যাচের আগে এমন বিশৃঙ্খলা কি এবারই প্রথম হচ্ছে? না, তাই তো? প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। আসল বিষয় হলো, আমরা নিজেদের কাজ কীভাবে করছি এবং সিরিজের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছি।’

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের মাত্র চার দিন আগে জাতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আশরাফুলকে। গত শনিবার (২৪ অক্টোবর) এই সিদ্ধান্ত জানায় বিসিবি। বোর্ড জানিয়েছে, সাবেক এই অধিনায়ককে অন্য দায়িত্ব দেওয়া হবে। আপাতত ব্যাটিং বিভাগের দায়িত্ব সামলাবেন বিসিবির হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে আশরাফুলকে সরানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। বিষয়টি অন্যায্য কি না, জানতে চাওয়া হলে অবশ্য মন্তব্য করতে চাননি সিমন্স।

বাংলাদেশ কোচের সংক্ষিপ্ত জবাব, ‘আমার মনে হয় না, এই প্রশ্নের উত্তর দেওয়া আমার কাজ।’

এর মধ্যেই রোববার জাতীয় দলের পাঁচ ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সিমন্সও। তবে তার দাবি, আলোচনাটি কোনো নির্দিষ্ট সিরিজ কিংবা সাম্প্রতিক ব্যর্থতাকে কেন্দ্র করে হয়নি।

সিমন্স বলেন, ‘আমি বৈঠকে ছিলাম। সেখানে মূলত বাংলাদেশের ক্রিকেটকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েই আলোচনা হয়েছে। তরুণ ক্রিকেটারদের কীভাবে গড়ে তোলা যায়, তা নিয়েও কথা হয়েছে। খুব ভালো একটি বৈঠক ছিল। এটি নির্দিষ্ট কোনো সিরিজ নিয়ে ছিল না। সামগ্রিকভাবে বাংলাদেশের ক্রিকেটের উন্নতির বিষয়গুলো নিয়েই আলোচনা হয়েছে।’

মাঠের বাইরের ঘটনা প্রস্তুতিতে প্রভাব ফেলছে কি না, এমন প্রশ্নেও নিজের অবস্থান পরিষ্কার করেন বাংলাদেশের কোচ। তার মতে, গত কয়েক দিনে অনুশীলনে থাকা ক্রিকেটাররা নিজেদের কাজ ঠিকভাবেই করেছেন। তামিমের সঙ্গে বৈঠককেও প্রস্তুতির পথে বাধা মনে করছেন না তিনি।

সিমন্স বলেন, ‘গত তিন-চার দিন যারা এখানে ছিল, তারা খুব ভালোভাবে অনুশীলন করেছে। এখন পুরো দল একসঙ্গে হচ্ছে। সামনের দুই দিনে আমরা কী করছি, সেটিই গুরুত্বপূর্ণ। মাঠের বাইরে কী ঘটছে, সেটি নয়। দল হিসেবে নিজেদের প্রস্তুত করাই আমাদের কাজ।’

তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন সিমন্স। ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে টেস্ট দলের বেশ কয়েকজন ক্রিকেটার ব্যস্ত থাকায় পুরো দলকে একসঙ্গে পাওয়া যায়নি।

সিমন্স বলেন, ‘আমরা পুরো দলকে একসঙ্গে পাইনি। কারণ তখন ত্রিদেশীয় সিরিজ চলছিল। ওয়ানডে ও টেস্ট দুই সংস্করণেই খেলে এমন কয়েকজন ক্রিকেটার সেখানে ছিল। এটা আদর্শ পরিস্থিতি নয়। তবে তারা বসে ছিল না, ক্রিকেট খেলেছে। এখন পুরো দলকে একসঙ্গে প্রস্তুত করার জন্য আমাদের হাতে দুই দিন আছে।’

আফগানিস্তানের বিপক্ষে আবুধাবিতে ড্র হওয়া টেস্ট নিয়েও কথা বলেছেন সিমন্স। সেই ম্যাচে ৪৭৯ রানের লক্ষ্য দিয়ে শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল সাত উইকেট। তবে পাঁচটি উইকেট নিতে পেরেছিল তারা। আফগানিস্তান ৩৪৬ রানে আট উইকেট হারিয়ে ম্যাচ ড্র করে। দলের খেলার ধরনে বড় কোনো ভুল দেখছেন না সিমন্স। বরং ফিল্ডিংয়ের ব্যর্থতায় জয় হাতছাড়া হয়েছে বলে মনে করেন তিনি।

বাংলাদেশ কোচ বলেন, ‘আমার মনে হয় না, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ছেলেরা ভুলভাবে খেলেছে। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম, তারা সেভাবেই খেলেছে। শেষ দিনে উইকেট আমাদের ধারণার চেয়ে ভালো ছিল। রানআউটের সুযোগ নষ্ট করেছি, কয়েকটি ক্যাচও ফেলেছি। শেষ পর্যন্ত ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও কঠিন লড়াইয়ের প্রত্যাশা করছেন সিমন্স। সাম্প্রতিক দুটি টেস্ট সিরিজে ভালো খেলেছে ক্যারিবীয়রা। ভারত সফরে সীমিত ওভারের ক্রিকেটেও তাদের পারফরম্যান্স নজর কেড়েছে বাংলাদেশ কোচের। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না তিনি।

সিমন্স বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ তাদের সর্বশেষ দুটি টেস্ট সিরিজে ভালো খেলেছে। ভারতেও দুর্দান্ত ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছে। তাই আমাদের কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে।’

প্রথম টেস্টের আগে লিটন দাসের ফিটনেস নিয়েও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে সিমন্স জানিয়েছেন, আপাতত এই ব্যাটারকে খেলার জন্য প্রস্তুত বলেই জানেন তিনি। আগামী দুই দিনে পরিস্থিতি বদলালে সেটি জানানো হবে।

এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সম্ভাবনা বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা জোগাচ্ছে। বর্তমানে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। চলতি চক্রে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচসহ আরও ছয়টি টেস্ট বাকি নাজমুল হোসেন শান্তর দলের। ঘরের মাঠে ক্যারিবীয়দের হারিয়ে ফাইনালে ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল করতে চায় তারা।

সিমন্স বলেন, ‘সবাই টেস্ট ম্যাচের দিকেই মনোযোগী। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার লক্ষ্য ও আকাঙ্ক্ষা সবার মধ্যে রয়েছে। এই প্রথম আমরা এমন অবস্থানে পৌঁছেছি, যেখান থেকে ফাইনালে খেলার সুযোগ তৈরি হয়েছে। তাই আমার বিশ্বাস, সবাই ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে।’