বিশ্বকাপ বর্জন ইস্যুতে আসিফ নজরুলকে মিথ্যুক বললেন সালাউদ্দিন

ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশ না নেওয়া নিয়ে নতুন করে বিতর্কের জন্ম হয়েছে। এই ইস্যুতে সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যকে সরাসরি ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
মিরপুরে শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সালাউদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এভাবে প্রকাশ্যে মিথ্যা কথা বলা হবে, আমি কল্পনাও করিনি। আমি খেলোয়াড়দের সামনে কীভাবে মুখ দেখাব? তিনি একজন শিক্ষক, দেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হয়ে এমন বক্তব্য দেওয়া আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক।’
বিশ্বকাপ শুরুর আগে আসিফ নজরুল বলেছিলেন, বাংলাদেশ দলের না খেলার সিদ্ধান্ত ছিল সরকারের। পরে তিনি অবস্থান বদলে দাবি করেন, এটি বিসিবি ও ক্রিকেটারদের সিদ্ধান্ত ছিল—সরকারের নয়। সেই বক্তব্যের পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে।
সালাউদ্দিন আরও বলেন, ‘আমাদের দুজন খেলোয়াড় এমন অবস্থায় ছিল যে তারা প্রায় কোমায় চলে গিয়েছিল। কয়েক দিন আমরা তাদের খুঁজেই পাইনি। পরে অনেক চেষ্টা করে আমরা তাদের মাঠে ফিরিয়েছি। আমার জীবনের বড় সাফল্য সেটাই। কিন্তু একটি দলকে আপনি এক মুহূর্তে ভেঙে দিতে পারেন না।’
গত ১০ ফেব্রুয়ারি গণমাধ্যমে আসিফ নজরুল বলেছিলেন, ‘কোনো অনুশোচনার প্রশ্ন নেই। সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও খেলোয়াড়রা। তারা দেশের ক্রিকেট ও মানুষের নিরাপত্তার স্বার্থে ত্যাগ স্বীকার করেছে।’
পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে তিনি সেই বক্তব্য থেকে সরে আসেন।
বাংলাদেশের বিশ্বকাপ বর্জন নিয়ে আগেও আলোচনা-সমালোচনা হয়েছে। তবে সালাউদ্দিনের সাম্প্রতিক মন্তব্যে বিষয়টি আবারও সামনে এলো।