logo
Advertisement

বন্যায় নিহতদের স্মরণে মার্চে বাংলাদেশ-নেপাল সিরিজ

বন্যায় নিহতদের স্মরণে মার্চে বাংলাদেশ-নেপাল সিরিজ
মার্চে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ছবি: আইসিসি

প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী বছরের মার্চে কাঠমান্ডুতে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

বুধবার এই সফর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের তিনটি ম্যাচ হবে ২০২৭ সালের ২৬, ২৮ ও ৩০ মার্চ।

বাংলাদেশ ও নেপাল এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হলেও কখনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। দুই দলের আগের দুটি টি-টোয়েন্টি সাক্ষাৎই ছিল বিশ্বকাপে। এবার তাই নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে দুই দেশের ক্রিকেট সম্পর্কে।

সিরিজটি উৎসর্গ করা হবে সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যায় প্রাণ হারানো মানুষদের স্মৃতির প্রতি।

নেপালের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের বৈঠক থেকে সিরিজ আয়োজনের আলোচনা শুরু হয়। পরে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যেও আলোচনা এগোয়।

বুধবার বিসিবি কার্যালয়ে গিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন নেপালের রাষ্ট্রদূত। সেখানে প্রস্তাবিত সিরিজের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।

এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত ও প্রাণ হারানো মানুষের প্রতি সমবেদনা জানিয়েছে তারা। এই সিরিজকে দুই দেশের বন্ধুত্ব ও সংহতির বার্তা দেওয়ার সুযোগ হিসেবেও দেখছে বোর্ড।

শুধু জাতীয় দলের সিরিজেই সহযোগিতা সীমাবদ্ধ থাকছে না। পুরুষ ও নারী দলের সফর বিনিময়, হাই পারফরম্যান্স কার্যক্রম, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাসহ নেপালের ক্রিকেট উন্নয়নেও সহযোগিতার আশ্বাস দিয়েছে বিসিবি।