logo

বিগ ব্যাশ বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ায় বড় পরিবর্তন

বিগ ব্যাশ বিতর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ায় বড় পরিবর্তন
ক্রিকেট অস্ট্রেলিয়ার লোগো। ছবি: ক্রিকেট অস্ট্রেলিয়ার এক্স অ্যাকাউন্ট

বিগ ব্যাশ লিগে বেসরকারি বিনিয়োগ আনার সিদ্ধান্ত ঘিরে অস্ট্রেলিয়ান ক্রিকেটে চলমান বিরোধের মধ্যেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড। আগামী বার্ষিক সাধারণ সভায় আর চেয়ারম্যান পদে পুনর্নির্বাচন চাইবেন না তিনি। অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার ডেভিড বুন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ডে ছয় বছর ধরে আছেন বেয়ার্ড। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন নিউ সাউথ ওয়েলসের সাবেক এই প্রিমিয়ার। তবে বিবিএলের দলগুলোতে বেসরকারি মালিকানা আনার পরিকল্পনাকে কেন্দ্র করে নিজের রাজ্য সংস্থা ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের সমর্থন হারান তিনি।

চলতি মাসেই বিবিএল ও নারী বিগ ব্যাশে বেসরকারি বিনিয়োগের পথ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। নতুন ব্যবস্থায় রাজ্য সংস্থাগুলো নিজেদের ফ্র্যাঞ্চাইজিতে বিনিয়োগ নেওয়া বা অংশীদারত্ব বিক্রির সিদ্ধান্ত নিতে পারবে। প্রথম ধাপে বিক্রির প্রক্রিয়ায় যাচ্ছে মেলবোর্ন রেনেগেডস।

তবে শুরু থেকেই এই পরিকল্পনার বিরোধিতা করে আসছে ক্রিকেট নিউ সাউথ ওয়েলস। তাদের আশঙ্কা, বেসরকারি বিনিয়োগের এই মডেল দীর্ঘমেয়াদে রাজ্য ও তৃণমূল ক্রিকেটে অর্থায়ন ক্ষতিগ্রস্ত করতে পারে। নিউ সাউথ ওয়েলসের অধীনেই রয়েছে সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার।

সেই বিরোধের প্রভাব পড়ে বেয়ার্ডের অবস্থানেও। নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধি হিসেবে ক্রিকেট অস্ট্রেলিয়া বোর্ডে থাকা বেয়ার্ড নিজের রাজ্য সংস্থার সমর্থন আর পাচ্ছিলেন না। স্বাধীন পরিচালক হিসেবে বোর্ডে থেকে যাওয়ার সুযোগ থাকলেও সব রাজ্যের সমর্থন ছাড়া দায়িত্ব চালিয়ে যেতে চাননি তিনি।

সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বেয়ার্ড বলেছেন, ‘অনেক ভাবনাচিন্তার পর আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ও পরিচালক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ ডেভিড বুন অন্তর্বর্তী দায়িত্ব নিতে রাজি হওয়ায় সন্তুষ্টির কথাও জানিয়েছেন তিনি।

তবে বিবিএলে বেসরকারি বিনিয়োগ আনার সিদ্ধান্ত থেকে সরে আসছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। বরং বিদায়ের ঘোষণাতেও এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন বেয়ার্ড। তার বিশ্বাস, বিগ ব্যাশ নিয়ে সাম্প্রতিক সিদ্ধান্তগুলো অস্ট্রেলিয়ান ক্রিকেটের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করতে সহায়তা করবে।

অন্তর্বর্তী চেয়ারম্যান হতে যাওয়া বুন গত বছর ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ডে যোগ দেন। অস্ট্রেলিয়ার হয়ে ১০৭ টেস্ট ও ১৮১ ওয়ানডে খেলা সাবেক এই ওপেনার এর আগে ক্রিকেট তাসমানিয়ার পরিচালক ও চেয়ারম্যান এবং আইসিসির ম্যাচ রেফারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।