logo

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন কামিন্স

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন কামিন্স

চোট কাটিয়ে অবশেষে আইপিএলে ফিরতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ায় নতুন করে করা স্ক্যানে তার পিঠের সমস্যা পুরোপুরি সেরে গেছে বলে মত দিয়েছে চিকিৎসকরা ফলে আর কোনো বাধা থাকছে না হায়দরাবাদ অধিনায়কের মাঠে ফেরার।

সিডনিতে করা সর্বশেষ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে, দীর্ঘদিন ভোগানো ব্যাক স্ট্রেস ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ তিনি। ফলে বল করতে তার ওপর কোনো ধরনের নিষেধাজ্ঞা থাকছে না।

সবকিছু ঠিক থাকলে শুক্রবার ভারতে এসে সানরাইজার্স হায়দরাবাদ দলে যোগ দেবেন কামিন্স। এর আগে চোটের কারণে গত বছরের অ্যাশেজের পর থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি তিনি। একই কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে হয়েছিল এই অজি তারকাকে।

চোটের সময়টায় পুনর্বাসনেই মনোযোগ দেন কামিন্স, লক্ষ্য ছিল আইপিএলের শেষভাগে দলে ফিরতে পারা। অবশেষে সেই লক্ষ্য পূরণ হতে যাচ্ছে।

তার অনুপস্থিতিতে সানরাইজার্স হায়দরাবাদের নেতৃত্বে ছিলেন ইশান কিশান। বর্তমানে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে দলটি, পাঁচ ম্যাচে দুটি জয় আর তিনটি হার নিয়ে।

কামিন্স কত দ্রুত ম্যাচ ফিট হয়ে উঠতে পারবেন, সেটিই এখন বড় প্রশ্ন। তার দলে যোগ দেওয়ার পরদিনই চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচ রয়েছে হায়দরাবাদের। এরপর ২১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষেও খেলবে তারা।