logo
Advertisement

৩৯ বলে সেঞ্চুরি, সিপিএলে শানাকার নতুন রেকর্ড

৩৯ বলে সেঞ্চুরি, সিপিএলে শানাকার নতুন রেকর্ড
শতকের পর শানাকা। ছবি: সিপিএলটি২০

দাসুন শানাকার ব্যাটে উঠল ছক্কার ঝড়, বদলে গেল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের রেকর্ড বইও। মাত্র ৩৯ বলে শতক পূর্ণ করে সিপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির মালিক হয়েছেন শ্রীলঙ্কার এই অলরাউন্ডার।

Advertisement

সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে ৪৩ বলে অপরাজিত ১২১ রান করেন শানাকা। বিস্ফোরক ইনিংসটি সাজান ৮টি চার ও ১২টি ছক্কায়। তার ব্যাট থেকে আসা ১২১ রানের মধ্যে ১০৪ রানই এসেছে বাউন্ডারিতে।

সিপিএলে আগের দ্রুততম শতকের রেকর্ড ছিল ৪০ বলের। রেকর্ডটি যৌথভাবে দখলে ছিল আন্দ্রে রাসেল, টিম সেইফার্ট ও শিমরন হেটমায়ারের। এক বল কম খেলেই তাদের পেছনে ফেললেন শানাকা।

বাসেতেরের ওয়ার্নার পার্কে আগে ব্যাট করতে নেমে শুরুতেই কাইল মেয়ার্সকে হারায় প্যাট্রিয়টস। তবে আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লসের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। ফ্লেচার ৩৮ বলে ৬৪ রান করে শানাকার জন্য শক্ত ভিত গড়ে দেন।

২৪ বলে অর্ধশতক পূর্ণ করার পর আরও ভয়ংকর হয়ে ওঠেন শানাকা। শেষ ওভারে এক চার ও চার ছক্কা মেরে প্যাট্রিয়টসের সংগ্রহ ৪ উইকেটে ২৩৫ রানে নিয়ে যান তিনি।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় সেন্ট লুসিয়া। টিম সেইফার্ট ৫০ রান করলেও অন্য ব্যাটারদের কাছ থেকে তেমন সহায়তা পাননি। জেরেমিয়া লুইস মাত্র ১০ রানে ৫ উইকেট নেওয়ায় ১৩.৫ ওভারে ৯৮ রানে গুটিয়ে যায় সেন্ট লুসিয়া। প্যাট্রিয়টস জয় পায় ১৩৭ রানের বিশাল ব্যবধানে।

ম্যাচসেরার পুরস্কার জেতা শানাকা বলেন, ‘শুরুতে পরিকল্পনা ছিল বল বুঝে খেলা। ৩০ রানের পর মনে হয়েছে উইকেট খুব ভালো, তাই নাগালের বল পেলেই ঝুঁকি নিয়েছি।’

টি-টোয়েন্টি ক্রিকেটে এটি শানাকার চতুর্থ শতক। একই সঙ্গে নিজের বিধ্বংসী ইনিংসে প্যাট্রিয়টসের প্লে-অফে ওঠার আশাও বাঁচিয়ে রাখলেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।