চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা

চট্টগ্রামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুর ২টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও সর্বশেষ খবর অনুযায়ী সাগরিকায় চলছে মুষলধারে বৃষ্টি।
গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে, যার প্রভাব পড়েছে চট্টগ্রামেও। গতকাল দিনভর বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। এতে দুই দলের অনুশীলন ব্যাহত হয়েছে, নিউজিল্যান্ড দলকে প্রস্তুতি সারতে হয়েছে ইনডোর সুবিধায়।
আবহাওয়ার পূর্বাভাসেও আগে থেকেই বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছিল। প্রতিবেদনটি লেখার সময় মাঠ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সাগরিকায় তখনও বৃষ্টি চলছিল এবং মাঠ ভেজা রয়েছে।
এ অবস্থায় নির্ধারিত সময়ে খেলা শুরু হওয়া কঠিন বলেই মনে করা হচ্ছে।
উল্লেখ্য প্রথম টি-টোয়েন্টিতে জয়ের ফলে এই ম্যাচে সিরিজ নিশ্চিত করার সুযোগ রয়েছে টাইগারদের সামনে। তবে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালে সেই লক্ষ্য পূরণে অপেক্ষা বাড়তে পারে।
চট্টগ্রামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটের জয় পায়। আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৬ উইকেটে ১৮২ রান তোলে। জবাবে তাওহীদ হৃদয়ের অপরাজিত অর্ধশতক ও শামীম হোসেনের ঝড়ো ইনিংসে সহজেই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।
দুই দলের টি-টোয়েন্টি ইতিহাসে এখন পর্যন্ত ২১টি ম্যাচ হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৫টি, নিউজিল্যান্ডের জয় ১৫ ম্যাচে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।