সৌরভকে নিয়ে সিনেমার শুটিংয়ে বিপাকে ইংলিশ ক্লাব

সৌরভ গাঙ্গুলীকে নিয়ে নির্মিত জীবনীচিত্রের শুটিং করতে গিয়ে ঠিকমতো পরিচর্যা করা যায়নি উইকেট। পরে সেই উইকেট ‘নিম্নমানের’ হিসেবে চিহ্নিত হওয়ায় বড় শাস্তিই পেল ইংলিশ কাউন্টি ক্লাব লেস্টারশায়ার। তাদের মোট ২৭ পয়েন্ট কেটে নেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়েছে ৫ হাজার পাউন্ড।
ঘটনাটি গত আগস্টে কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্ল্যামরগানের বিপক্ষে লেস্টারশায়ারের ম্যাচ ঘিরে। ২০ থেকে ২৩ আগস্ট গ্রেস রোডে হওয়া সেই ম্যাচে জয় পেয়েছিল লেস্টারশায়ার। কিন্তু ম্যাচের উইকেটকে ‘পুওর’ বা নিম্নমানের রেটিং দেওয়া হয়। পরে ক্রিকেট রেগুলেটরের অভিযোগ বহাল রাখে স্বাধীন ক্রিকেট ডিসিপ্লিন প্যানেল।
শাস্তি হিসেবে প্রথমে লেস্টারশায়ারের ৮ পয়েন্ট কেটে নিয়েছে প্যানেল। এর সঙ্গে ইসিবির প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী গ্ল্যামরগানের বিপক্ষে ম্যাচ থেকে পাওয়া ১৯ পয়েন্টও হারিয়েছে তারা। ফলে মোট পয়েন্ট কর্তন দাঁড়িয়েছে ২৭। আরও ৮ পয়েন্ট কাটার শাস্তি ২০২৭ মৌসুমের শেষ পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। জরিমানার অঙ্ক ৫ হাজার পাউন্ড।
তবে শুনানিতে উইকেটের এমন অবস্থার পেছনে বেশ কয়েকটি কারণ তুলে ধরেছিলেন লেস্টারশায়ারের প্রধান মাঠকর্মী ক্যালাম লিউইন। তার বক্তব্যে উঠে আসে সৌরভকে নিয়ে বলিউডের জীবনীচিত্রের শুটিংয়ের প্রসঙ্গও। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ওই শুটিং ছিল ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে নিয়ে নির্মিত সিনেমার।
লিউইন জানান, ম্যাচের চার দিন আগে গ্রেস রোডে হঠাৎ করেই শুটিংয়ের আয়োজন করা হয়েছিল। সে কারণে উইকেটে কাজ করা বা সেটি ঢেকে রাখার সুযোগও পাননি তিনি।
তার ভাষায়, ‘এবার ব্যবহৃত উইকেট ছিল। ১০ সপ্তাহ আগে সেখানে দুটি টি-টোয়েন্টিও হয়েছিল। ম্যাচের আগে এমন বেশ কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল, যেগুলো আমার নিয়ন্ত্রণের বাইরে ছিল। তাপমাত্রাও ছিল ৩৫ ডিগ্রি।’
এরপর শুটিংয়ের প্রসঙ্গ টেনে লিউইন বলেন, ‘গ্ল্যামরগানের বিপক্ষে ম্যাচের চার দিন আগে অনির্ধারিত একটি বলিউডের শুটিংও হয়েছিল। আমাকে উইকেটে কাজ করতে দেওয়া হয়নি। এমনকি সেটি ঢাকতেও পারিনি।’
তবে এই যুক্তি শাস্তি কমানোর জন্য যথেষ্ট বলে মনে করেনি ডিসিপ্লিন প্যানেল। তারা শুটিংয়ের বিষয়টি বিবেচনায় নিলেও সেটিকে নিম্নমানের উইকেটের গ্রহণযোগ্য ব্যাখ্যা হিসেবে নেয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, শুটিং হয়েছিল এক দিনের জন্য।
ম্যাচে উইকেট থেকে অস্বাভাবিক বাউন্সও পাওয়া যাচ্ছিল। ম্যাচ রেফারি ইয়ান র্যামেজ তার নথিতে এমন ৪৩টি ঘটনার উল্লেখ করেন। প্যানেলের পর্যবেক্ষণ ছিল, ইচ্ছাকৃতভাবে নিম্নমানের উইকেট তৈরি করা হয়নি। তবে উইকেট প্রস্তুতে লেস্টারশায়ারের নেওয়া পদ্ধতিকে তারা ‘অযৌক্তিক’ বলে মনে করেছে।
এই পয়েন্ট কর্তন লেস্টারশায়ারের জন্য আরও বড় ধাক্কা হয়ে এসেছে অবনমন এড়ানোর লড়াইয়ের মধ্যে। সিদ্ধান্তের বিরুদ্ধে ১০ কার্যদিবসের মধ্যে আপিল করতে পারবে ক্লাবটি। লেস্টারশায়ার জানিয়েছে, তারা প্যানেলের সিদ্ধান্ত পর্যালোচনা করছে এবং সামনে কী কী বিকল্প রয়েছে, তা বিবেচনা করবে।


