তিন বছর পর বিদেশের মাটিতে পাকিস্তানের টেস্ট জয়

বিদেশের মাটিতে টেস্ট জয়ের অপেক্ষাটা ক্রমেই দীর্ঘ হচ্ছিল পাকিস্তানের। অবশেষে তিন বছর ও টানা আট ম্যাচের পর সেই অপেক্ষার অবসান ঘটল। পোর্ট অব স্পেনের কুইন্স পার্ক ওভালে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
এই জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ করেছে সফরকারীরা। প্রথম টেস্টে ৯০ রানে হেরে পিছিয়ে পড়েছিল পাকিস্তান।
জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য ছিল মাত্র ৭৫ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুতে দুই উইকেট হারায় তারা। তবে আবদুল্লাহ শফিক ও বাবর আজম আর কোনো বিপদ হতে দেননি। দুজনই অপরাজিত ২৪ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
দুই ছক্কায় ম্যাচ শেষ করেন বাবর। জোমেল ওয়ারিক্যানের বলে টানা দুটি ছক্কা মেরে পাকিস্তানের তিন বছরের অপেক্ষার অবসান ঘটান পাকিস্তান অধিনায়ক। ২৩.৩ ওভারে ২ উইকেটে ৭৭ রান তোলে সফরকারীরা।
পাকিস্তানের জয়ের ভিত্তি তৈরি হয়েছিল প্রথম ইনিংসেই। ওয়েস্ট ইন্ডিজের ৩৪৪ রানের জবাবে ৩৮৭ রান করে ৪৩ রানের লিড নেয় তারা। দলের বড় সংগ্রহের নায়ক ছিলেন আবদুল্লাহ। এক প্রান্ত আগলে রেখে ৩২৩ বলে অপরাজিত ১৬০ রান করেন এই ওপেনার। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ৩টি ছক্কা।
বাবর করেন ৮৮ রান। আবদুল্লাহর সঙ্গে তৃতীয় উইকেটে তার ১৮৩ রানের জুটিই পাকিস্তানকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয়। অভিষিক্ত আজান আওয়াইসের ব্যাট থেকে আসে ৫৫ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১১২ রানে ৬ উইকেট নেন ওয়ারিক্যান।
দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের দুই স্পিনারের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকদের ব্যাটিং লাইনআপ। মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৩৪ রান করেন কেভেম হজ। সাজিদ খান ৩২ রানে এবং আলী উসমান ৩৯ রানে নেন চারটি করে উইকেট।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৭৩ রান করেন জাস্টিন গ্রিভস। রোস্টন চেজের ব্যাট থেকে আসে ৭০ রান। পাকিস্তানের হয়ে সাজিদ নেন চার উইকেট।
পাকিস্তান সর্বশেষ বিদেশের মাটিতে টেস্ট জিতেছিল ২০২৩ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর দেশের বাইরে টানা আটটি টেস্টে হেরেছিল তারা। তিন বছর পর পাওয়া জয়ে সেই বিব্রতকর ধারার অবসান হলো। অপরাজিত ১৬০ ও ২৪ রানের দুই ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন আবদুল্লাহ শফিক।
.png)

