logo
Advertisement

রুবেলের পাঁচ উইকেটে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি

এশিয়া পোস্ট স্পোর্টস
রুবেলের পাঁচ উইকেটে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি
ম্যাচে ‍দুর্দান্ত বোলিং করেন মোহাম্মদ রুবেল। ছবি: বিসিবির এক্স হ্যান্ডেল থেকে নেওয়া

মোহাম্মদ রুবেলের দুর্দান্ত পাঁচ উইকেটের পর সাব্বির রহমানের দায়িত্বশীল ব্যাটিংয়ে টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। শুক্রবার ডারউইনে নর্দান টেরিটরি স্ট্রাইককে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

Advertisement

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করে নর্দান টেরিটরি। জবাবে ১০ বল হাতে রেখে ৭ উইকেটে ১৪৪ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ এইচপি।

বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন রুবেল। চার ওভারে মাত্র ২১ রান খরচায় তুলে নেন প্রতিপক্ষের পাঁচ উইকেট। তার ঘূর্ণির সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারানো নর্দান টেরিটরির কোনো ব্যাটারই বড় ইনিংস খেলতে পারেননি।

দলটির হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন জর্ডান সিল্ক। ম্যাট হ্যামন্ডের ব্যাট থেকে আসে ২৬ এবং কেডেল ম্যাকমাহন করেন ২৫ রান। রুবেলের পাঁচ উইকেটের সুবাদে ভালো শুরুর সম্ভাবনাও কাজে লাগাতে পারেনি স্বাগতিক দলটি।

১৪৪ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের শুরুটা খুব স্বস্তির ছিল না। আরিফুল ইসলাম ৮ রানে ফেরার পর হাবিবুর রহমান সোহান করেন ২২ রান। শামীম হোসেন পাটোয়ারীও ১১ রানের বেশি এগোতে পারেননি।

এক প্রান্ত ধরে রেখে দলকে লক্ষ্যের পথে এগিয়ে নেন সাব্বির। ৩৭ বলে দুটি চার ও একটি ছক্কায় করেন ৪৭ রান। অধিনায়ক ইরফান শুক্কুরের ১৭ এবং এস এম মেহরবের ১৪ রানের ইনিংসও জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে নিচের সারির ব্যাটারদের ছোট ছোট অবদান সেই চাপ সামলে দেয়। আবদুল গাফফার সাকলাইন বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন।

এর আগের ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে অপরাজিত ৬২ রান করেছিলেন সাব্বির। টানা দ্বিতীয় ম্যাচে তার ব্যাট থেকে এল গুরুত্বপূর্ণ ইনিংস। অন্যদিকে টুর্নামেন্টে রুবেলের উইকেটসংখ্যা এখন ২০।

ছয় ম্যাচে এটি বাংলাদেশ এইচপির পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে টপ এন্ড টি-টোয়েন্টির সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে দলটি।

রুবেলের পাঁচ উইকেটে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি