logo

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মার্ক উড

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন মার্ক উড
মার্ক উড। ছবি: ইসিবি

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ইংল্যান্ডের গতিময় পেসার মার্ক উড। ৩৬ বছর বয়সী এই ডানহাতি পেসার মঙ্গলবার অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে ইংল্যান্ডের হয়ে ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

বারবার চোটে পড়াই শেষ পর্যন্ত সিদ্ধান্তটি নিতে বাধ্য করেছে উডকে। সাম্প্রতিক বছরগুলোতে হাঁটু, গোড়ালি ও কনুইয়ের সমস্যায় নিয়মিত ভুগেছেন তিনি। চিকিৎসকদের পরামর্শের পর টেস্ট ও একদিনের ক্রিকেটের চাপ আর নেওয়া সম্ভব নয় বুঝেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

ইংল্যান্ডের হয়ে ৩৮ টেস্ট, ৭০ ওয়ানডে ও ৩৮ টি-টোয়েন্টি খেলেছেন উড। তিন সংস্করণ মিলিয়ে তার উইকেট ২৫৩টি। ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার গতিতে নিয়মিত বল করার সামর্থ্য তাকে ইংল্যান্ডের আক্রমণে আলাদা মাত্রা দিয়েছিল।

ইংল্যান্ডের দুটি বিশ্বকাপজয়ী দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন উড। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ১০ ম্যাচে নিয়েছিলেন ১৮ উইকেট। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলেও ছিলেন তিনি।

উডের শেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল গত নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্ট। চোট কাটিয়ে তাড়াহুড়ো করে সেই ম্যাচে ফিরেছিলেন বলেও পরে জানিয়েছেন তিনি। এরপর আর ইংল্যান্ডের হয়ে মাঠে নামা হয়নি।

অবসরের ঘোষণায় উড বলেছেন, ইংল্যান্ডের হয়ে খেলা তার শৈশবের স্বপ্ন ছিল এবং সেই স্বপ্ন পূরণ করতে পারায় তিনি গর্বিত। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ভবিষ্যতে ক্রিকেটের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত থাকার ইচ্ছার কথাও জানিয়েছেন এই পেসার।