logo

ভারত ম্যাচ বয়কট করলে ৪৬৩ কোটি টাকার মামলার ঝুঁকিতে পাকিস্তান

ভারত ম্যাচ বয়কট করলে ৪৬৩ কোটি টাকার মামলার ঝুঁকিতে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সম্ভাবনা বড় ধরনের আর্থিক ও আইনি ঝুঁকি তৈরি করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জন্য। পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট করলেই সম্প্রচারকারী সংস্থা পিসিবির বিরুদ্ধে প্রায় ৩৮ মিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬৩ কোটি টাকার আইনি দাবি তুলতে পারে।

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার পর সংহতির অংশ হিসেবে পাকিস্তান ম্যাচ বয়কট করতে পারে—এমন জল্পনা ছড়ালেও আইসিসির সঙ্গে করা চুক্তির কারণে বাস্তবে এমন সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত ব্যয়বহুল হতে পারে।

আইসিসি ইভেন্টে অংশগ্রহণকারী সব বোর্ডের মতো পিসিবিও ‘মেম্বার পার্টিসিপেশন এগ্রিমেন্ট’-এ স্বাক্ষর করেছে, যা একটি বাধ্যতামূলক আইনি চুক্তি। এই চুক্তি ভঙ্গ করলে আইসিসির নিষেধাজ্ঞার পাশাপাশি সম্প্রচারকারী সংস্থা থেকেও বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি আসতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচটি ঘিরেই বিজ্ঞাপন, স্পনসরশিপ ও বিশেষ প্রোগ্রামিং থেকে প্রায় ৩৮ মিলিয়ন ডলার আয়ের বিষয়টি যুক্ত। সেই ম্যাচ না হলে সম্প্রচারকারী সংস্থা সরাসরি পিসিবির বিরুদ্ধে মামলা করতে পারে।

এদিকে পিসিবি চেয়ারম্যান ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। বৈঠকের পর নাকভি জানান, সব বিকল্প খোলা রেখে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে এবং শুক্রবার অথবা আগামী সোমবারের মধ্যে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

পাকিস্তানি মিডিয়ার মতে, বাংলাদেশ ইস্যুতে প্রতীকী প্রতিবাদ জানানো হলেও বাস্তবে বিশ্বকাপ বা ভারত ম্যাচ বয়কট করলে পিসিবির জন্য তা হবে বড় আর্থিক বিপর্যয়ের শামিল।