logo

এক ওভারে ৫ উইকেট, আল-আমিনের পাশে দক্ষিণ আফ্রিকার পেসার

এক ওভারে ৫ উইকেট, আল-আমিনের পাশে দক্ষিণ আফ্রিকার পেসার
অবিশ্বাস্য কীর্তিতে আল আমিনের (ইনসেটে) পাশে বসেছেন প্রোটিয়া পেসার লেকক। ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট! অবিশ্বাস্য এই কীর্তিই গড়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার চ্যাড লেকক। মাত্র ছয় বলের মধ্যে পাঁচ ব্যাটারকে ফিরিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রথম বোলার হিসেবে এমন কীর্তি গড়লেও বিশ্ব ক্রিকেটে তিনি চতুর্থ। এর আগে বিরল এই নজির গড়েছিলেন বাংলাদেশের আল-আমিন হোসেনও।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় টাইটানসের বিপক্ষে এমন কীর্তি গড়েন কোয়াজুলু-নাটাল ইনল্যান্ডের (টাস্কার্স) ২৩ বছর বয়সী অলরাউন্ডার লেকক। পিটারমারিৎসবার্গে চার ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। তবে এমন দুর্দান্ত বোলিংয়ের পরও তার দল হেরেছে ২১ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দাপট দেখাচ্ছিল টাইটানস। ১৮ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৯৩ রান। সেখান থেকে দলটির ইনিংসে ধস নামান লেকক।

১৯তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই লেউস ডু প্লয়কে বোল্ড করেন তিনি। পরের বলে দুই রান নেন দায়ান গালিয়েম। এরপর শুরু হয় আসল চমক।

তৃতীয় বলে গালিয়েমকে ক্যাচে পরিণত করেন লেকক। পরের তিন বলে একে একে আফিওয়ে মনিয়ান্দা, জানকো স্মিট ও এসোসা আইহেভবাকে বোল্ড করেন এই পেসার। অর্থাৎ ওভারের শেষ চার বলেই চার উইকেট। সব মিলিয়ে এক ওভারে পাঁচ ব্যাটারকে ফিরিয়ে ইতিহাস গড়েন তিনি।

লেককের তাণ্ডবে শেষ পর্যন্ত ১৯ দশমিক ৫ ওভারে ২০৪ রানে অলআউট হয় টাইটানস। দলের হয়ে ৩৬ বলে ৮১ রান করেন লুয়ান-দ্রে প্রিটোরিয়াস। সিনেথেম্বা কেশিলে ৪৬ এবং ডেওয়াল্ড ব্রেভিস করেন ৩৩ রান।

টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার প্রথম নজিরটি গড়েছিলেন বাংলাদেশের আল-আমিন হোসেন। ২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে আবাহনী লিমিটেডের বিপক্ষে ইউসিবি-বিসিবি একাদশের হয়ে এই কীর্তি গড়েছিলেন তিনি।

সেই ম্যাচে আবাহনীর ইনিংসের শেষ ওভারে পাঁচ উইকেট তুলে নেন আল-আমিন। প্রথম বলে মেহেদী মারুফকে ফেরানোর পর দ্বিতীয় বলে দুই রান দেন তিনি। এরপর টানা চার বলে আরও চার ব্যাটারকে আউট করেন বাংলাদেশের এই পেসার।

এরপর ২০১৯ সালে ভারতের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে হরিয়ানার বিপক্ষে কর্ণাটকের অভিমন্যু মিঠুন একই কীর্তি গড়েন। তৃতীয় বোলার হিসেবে ২০২৫ সালের ডিসেম্বরে কম্বোডিয়ার বিপক্ষে এক ওভারে পাঁচ উইকেট নেন ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই প্রথম এমন ঘটনা।

এবার সেই তালিকায় যোগ হলো লেককের নাম। দক্ষিণ আফ্রিকার স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে পাঁচ উইকেটের পাশাপাশি টানা চার বলে চার উইকেট নেওয়া প্রথম বোলারও তিনি।

শুধু তা-ই নয়, ২৬ রানে ৬ উইকেট নিয়ে প্রতিযোগিতার ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ডও গড়েছেন লেকক। আগের রেকর্ডটি ছিল বেউরান হেনড্রিকসের। ২০১৪ সালে ২৯ রানে ৬ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

মজার বিষয়, মূলত ব্যাটার হিসেবেই পরিচিত লেকক। এই ম্যাচের আগে ১৫টি টি-টোয়েন্টিতে মাত্র ৯ ওভার বোলিং করে ২ উইকেট নিয়েছিলেন তিনি। অথচ এক ম্যাচেই তুলে নিলেন ৬ উইকেট।

তবে ব্যক্তিগত অর্জনের দিনেও জয় পাওয়া হয়নি তার। ২০৫ রানের লক্ষ্য তাড়ায় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩ রান তোলে টাস্কার্স। মাইকেল এরলাঙ্ক ৫৬ রান করেন। লেকক নিজেও ২৫ বলে অপরাজিত ৩১ রান করলেও দলের হার এড়াতে পারেননি।