logo

হ্যামস্ট্রিং চোটে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন

হ্যামস্ট্রিং চোটে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন
মোহাম্মদ সাইফউদ্দিন। পুরোনো ছবি

এশিয়ান গেমসের আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় পুরো আসর থেকেই ছিটকে গেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, গত ১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। পরে শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের মাধ্যমে চোটের বিষয়টি নিশ্চিত করা হয়।

ফিজিও বলেন, ‘সে ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানিয়েছিল। পরীক্ষা ও এমআরআইয়ের পর চোট নিশ্চিত হয়েছে। সুস্থ হতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসনের প্রয়োজন হবে।’

সাইফউদ্দিনের এশিয়ান গেমসে খেলতে না পারার বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানিয়েছে বিসিবি।

তার বদলি হিসেবে নতুন ক্রিকেটারের নাম ঘোষণা করবে বোর্ড। তবে সেই পরিবর্তনের জন্য গেমস কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট অভিযান শুরুর ঠিক আগে সাইফউদ্দিনের ছিটকে যাওয়া দলের জন্য বড় ধাক্কা হয়ে এল। বিশেষ করে পেস বোলিংয়ের পাশাপাশি নিচের দিকে ব্যাটিংয়ে অবদান রাখার সক্ষমতার কারণে তাকে গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হচ্ছিল।