তামিমকে পেছনে ফেললেন মুমিনুল

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক ধাপ এগোলেন মুমিনুল হক। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই তামিম ইকবালকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন অভিজ্ঞ এই ব্যাটার। তার সামনে এখন শুধু মুশফিকুর রহিম।
৫ হাজার ১৩১ রান নিয়ে ম্যাচটি শুরু করেছিলেন মুমিনুল। তামিমের টেস্ট ক্যারিয়ার শেষ হয়েছিল ৫ হাজার ১৩৪ রানে। ফলে তামিমকে ছাড়িয়ে যেতে মুমিনুলের প্রয়োজন ছিল মাত্র ৪ রান। ইনিংসের শুরুতেই সেই মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।
প্রথম দিনের খেলা শেষে ৪৯ বলে ৩৫ রান নিয়ে অপরাজিত আছেন মুমিনুল। ছয়টি চার সাজানো এই ইনিংসে তাঁর টেস্ট রান এখন ৫ হাজার ১৬৬। এটি তাঁর ৭৯তম টেস্ট।
বাংলাদেশের হয়ে ৭০ টেস্ট খেলা তামিম ১০টি সেঞ্চুরি ও ৩১টি ফিফটিতে করেছিলেন ৫ হাজার ১৩৪ রান। তালিকার শীর্ষে থাকা মুশফিকের সংগ্রহ ৬ হাজার ৮০৬ রান।
ডারউইন টেস্টে হাসান মাহমুদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে ১ উইকেটে ৯৬ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা। মুমিনুলের সঙ্গে ৩২ রানে অপরাজিত আছেন তানজিদ হাসান তামিম। দ্বিতীয় উইকেটে তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৬০ রান।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ১০২ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
.png)


