তামিমের নেতৃত্বাধীন বিসিবি পর্ষদকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতি তামিম ইকবালকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। একই সঙ্গে সহসভাপতি ফাহিম সিনহা ও বিসিবির নতুন পরিচালনা পর্ষদের সব সদস্যকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
আজ এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে দেশের ক্রিকেট নতুন গতি পাবে। মাঠের ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা এবং নেতৃত্বগুণ বিসিবি পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করেন তিনি।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিন ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছেন আরও ২ জন। এই ২৫ সদস্যের পরিচালনা পর্ষদের সমর্থনে বিসিবির সভাপতি নির্বাচিত হন তামিম।
ক্রীড়া প্রতিমন্ত্রীর মতে, একজন সফল ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে তামিম দেশের ক্রিকেটকে কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতা প্রশাসনিক দায়িত্ব পালনে তাঁকে সহায়তা করবে। নতুন পরিচালনা পর্ষদের সমন্বিত উদ্যোগে বিসিবি আরও পেশাদার, শক্তিশালী ও কার্যকর সংগঠনে পরিণত হবে বলেও আশাবাদ জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের ক্রিকেটের সামনে মাঠের ভেতরে ও বাইরে নানা চ্যালেঞ্জ আছে। নবনির্বাচিত কমিটি সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে ঘরোয়া কাঠামো, তৃণমূল ক্রিকেট ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যাশা করেন।
তৃণমূল থেকে জাতীয় দল পর্যন্ত ক্রিকেটের সার্বিক উন্নয়নে নতুন পর্ষদ জোরালো ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। বিসিবির নতুন যাত্রায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানান তিনি।
