ফেভারিট ভারত, তবু বাংলাদেশকে নিয়ে সতর্ক শেফালি

গ্রুপ পর্বে দাপট দেখিয়ে সেমিফাইনালে এসেছে ভারত। অন্যদিকে শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। কাগজে-কলমে তাই এগিয়ে ভারতই। তবে নকআউট ম্যাচে নিগার সুলতানাদের মোটেও হালকাভাবে নিতে চান না ভারতের ওপেনার শেফালি ভার্মা।
আজ বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উইমেনস এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। ফাইনালে ওঠার লড়াইয়ের আগে নিজেদের প্রস্তুতি ও ব্যক্তিগত ছন্দ নিয়ে আত্মবিশ্বাসী শেফালি।
চলতি এশিয়া কাপে ভারতের ব্যাটিংয়ের অন্যতম ভরসা তিনি। তিন ম্যাচে করেছেন ১০৪ রান। স্মৃতি মান্ধানার সঙ্গে উদ্বোধনী জুটিতেও নিয়মিত ভালো শুরু এনে দিয়েছেন দলকে। তবে আগের সাফল্য মাথায় রেখে বাংলাদেশের বিপক্ষে নামতে চান না ২২ বছর বয়সী এই ব্যাটার।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শেফালি বলেন, ‘ব্যাটার হিসেবে যখনই ব্যাট করতে নামি, শূন্য থেকেই শুরু করি। আগের ইনিংস থেকে শুধু আত্মবিশ্বাসটা সঙ্গে নেওয়া যায়। সেই আত্মবিশ্বাস নিয়েই আবার শূন্য থেকে শুরু করতে চাই।’
বাংলাদেশের বিপক্ষে সুখস্মৃতিও আছে শেফালির। গত জুনে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের সর্বশেষ দেখায় ৩৪ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। সেই ম্যাচে সেরা খেলোয়াড়ও হয়েছিলেন ভারতীয় ওপেনার। এবার অবশ্য নতুন ম্যাচকে নতুন চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি।
পাকিস্তানকে সাত উইকেটে হারানোর পর চার দিনের বিরতি পেয়েছে ভারত। সেই সময়টা বিশ্রাম ও অনুশীলন মিলিয়ে কাজে লাগিয়েছে হারমানপ্রীত কৌরের দল।
শেফালি বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। চার দিনের বিরতি পেয়েছিলাম। সেই সময় আমরা ভালোভাবে রিকভারি করেছি, অনুশীলনও করেছি। সেমিফাইনালের জন্য আমরা সবাই প্রস্তুত।’
তবে ভারতের জন্য চিন্তার জায়গা আছে মিডল অর্ডারে। টুর্নামেন্টে ওপেনাররা ধারাবাহিক হলেও মাঝের ব্যাটাররা এখনো প্রত্যাশামতো ছন্দে নেই। শেফালি অবশ্য রিচা ঘোষ ও ভারতী ফুলমালিদের ওপর আস্থা রাখছেন।
‘কিছু খারাপ দিন হতেই পারে। ওরা সবাই খুব ভালো ব্যাটার। ভারতী ও রিচা দুজনই দারুণ ফিনিশার। আমার বিশ্বাস, দলের প্রয়োজনের সময় ওরা ভালো করবে,’ বলেন শেফালি।
দুবাইয়ের উইকেটে স্পিনাররা বাড়তি সহায়তা পাচ্ছেন। বাংলাদেশের স্পিন আক্রমণও তাই ভারতের জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে। তবে শেফালির মতে, ভারতের সঙ্গে কন্ডিশনের মিল থাকায় সেটি তাদের কাছে খুব একটা অচেনা নয়।
তিনি বলেন, ‘এখানকার কন্ডিশন ভারতের মতোই। উইকেটে কিছুটা টার্ন আছে। আমরা সেটা জানি এবং সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আমি শুধু সময় নিয়ে নিজের খেলাটা উপভোগ করতে চাই।’
গ্রুপের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। মাত্র ১০৩ রান করেও বোলারদের দাপটে আমিরাতকে ৬৯ রানে আটকে দিয়েছিল নিগার সুলতানার দল। ফলে ভারতের শক্তিশালী ব্যাটিংয়ের সামনে বাংলাদেশের বোলিংই হতে পারে বড় অস্ত্র।


