logo

ম্যাচজয়ী স্পেলের পর আইসিসির শাস্তি পেলেন নাহিদ

ম্যাচজয়ী স্পেলের পর আইসিসির শাস্তি পেলেন নাহিদ
nahid rana

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আগুনঝরা বোলিংয়ের পর প্রশংসায় ভাসছেন নাহিদ রানা। তবে সেই ম্যাচের এক ঘটনার জন্য আইসিসির শাস্তিও পেলেন বাংলাদেশের এই তরুণ পেসার। আচরণবিধি ভঙ্গ করায় তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে। সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের ১১তম ওভারে। জশ ইংলিসকে আউট করার পর নাহিদ আগ্রাসীভাবে ব্যাটসম্যানের দিকে এগিয়ে যান এবং অনুপযুক্ত ভাষা ব্যবহার করেন বলে জানিয়েছে আইসিসি। সংস্থাটির মতে, এমন আচরণ আউট হওয়া ব্যাটসম্যানের কাছ থেকে আগ্রাসী প্রতিক্রিয়া উসকে দিতে পারত।

আইসিসির আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন নাহিদ। এই ধারা অনুযায়ী, কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর এমন ভাষা, অঙ্গভঙ্গি বা আচরণ করা যাবে না, যা তাকে হেয় করে বা তার কাছ থেকে আক্রমণাত্মক প্রতিক্রিয়া উসকে দিতে পারে।

এটি নাহিদের গত ২৪ মাসের মধ্যে দ্বিতীয় অপরাধ। ফলে তার শৃঙ্খলাজনিত রেকর্ডে আরও একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। সব মিলিয়ে এখন তার নামের পাশে ডিমেরিট পয়েন্ট হলো ২।

নাহিদ নিজের অপরাধ স্বীকার করেছেন এবং এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল অব ম্যাচ রেফারিজের প্রকাশ ভাটের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। তাই এ ঘটনায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

মাঠের আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার মোরশেদ আলী খান নাহিদের বিরুদ্ধে অভিযোগ আনেন।

আইসিসির লেভেল ১ ভঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুই ডিমেরিট পয়েন্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচে নাহিদ ছিলেন বাংলাদেশের জয়ের অন্যতম নায়ক। ১০ ওভারে ৪১ রান দিয়ে নেন ৪ উইকেট। তাঁর গতি ও বাউন্সে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা বারবার অস্বস্তিতে পড়েন। বাংলাদেশ ম্যাচটি জেতে ৮৬ রানে, ডিএলএস পদ্ধতিতে।