logo

তদন্তের লিখিত কারণ ও ফোন ফেরত চাইলেন রিজওয়ান

তদন্তের লিখিত কারণ ও ফোন ফেরত চাইলেন রিজওয়ান
মোহাম্মদ রিজওয়ান। ছবি: এএফপি

পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান তার মোবাইল ফোন ফেরত চেয়েছেন এবং চলমান তদন্তের কারণ লিখিতভাবে জানানোর অনুরোধ করেছেন দেশটির ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সিকে (এনসিসিআইএ)। জিও নিউজ জানিয়েছে, সংস্থাটিকে পাঠানো দ্বিতীয় চিঠিতে এই দাবি জানিয়েছেন তিনি।

জিও নিউজের হাতে আসা চিঠির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এখনো তদন্তের কোনো লিখিত বিবরণ পাননি রিজওয়ান। পরবর্তী প্রক্রিয়া নিয়েও এনসিসিআইএ তার সঙ্গে যোগাযোগ করেনি বলে দাবি করেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক।

রিজওয়ান জানিয়েছেন, গত ৩১ আগস্ট ইংল্যান্ডে তার মোবাইল ফোন নেওয়া হয়েছিল। তখনই তিনি ফোনের পাসওয়ার্ড দিয়েছিলেন এবং তার উপস্থিতিতেই ডিভাইসটি পরীক্ষা করা হয়েছিল।

এরপর ১০ সেপ্টেম্বর এনসিসিআইএর সামনে হাজির হওয়ার সময়ও কর্মকর্তাদের তার আনলক করা ফোনে প্রবেশাধিকার ছিল বলে দাবি করেছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। তার বক্তব্য, কর্মকর্তারা ফোনের বার্তা ও অন্যান্য তথ্য দেখেছেন এবং কোনো পর্যায়েই তিনি পাসওয়ার্ড দিতে অস্বীকৃতি জানাননি।

চিঠিতে রিজওয়ান আরও দাবি করেছেন, ৩১ আগস্ট তাকে বলা হয়েছিল তিন ঘণ্টার মধ্যে ফোনটি ফেরত দেওয়া হবে। একই সঙ্গে ডিজিটাল ফরেনসিক পরীক্ষা দ্রুত শেষ হবে বলেও জানানো হয়েছিল।

এখন তদন্তের কারণ, পরবর্তীবার হাজিরার প্রয়োজন হলে তার তারিখ ও সময় লিখিতভাবে জানানোর অনুরোধ করেছেন রিজওয়ান।

পাশাপাশি তার মোবাইল ফোন দ্রুত ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন পাকিস্তানের সাবেক সাদা বলের অধিনায়ক। ভবিষ্যতে তার সঙ্গে সব যোগাযোগ আনুষ্ঠানিক মাধ্যমে এবং বাসার ঠিকানায় পাঠানোর অনুরোধও করেছেন তিনি।

তবে এই প্রতিবেদনে তদন্তটি ঠিক কোন অভিযোগ বা ঘটনার সঙ্গে সম্পর্কিত, সে বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়নি।