টি-টোয়েন্টিতেও ভালো করতে আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ড। সিরিজ শুরুর আগে চট্টগ্রামে সংবাদ সম্মেলনে এসে কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম জানালেন, ছোট সংস্করণে ভালো করতে আত্মবিশ্বাসী তার দল।
ল্যাথাম বলেন, নিউজিল্যান্ডের অনেক ক্রিকেটারই এখন বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলছেন। এই সংস্করণে দলের ক্রিকেটারদের অভিজ্ঞতাও ভালো। তাই বাংলাদেশের বিপক্ষে সিরিজে ভালো করার জন্য সবাই মুখিয়ে আছে।
চট্টগ্রামের উইকেট নিয়ে অবশ্য এখনও নিশ্চিত কোনো ধারণা পাননি ল্যাথাম। তবে সাম্প্রতিক ম্যাচগুলো দেখে উইকেট সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করবেন বলে জানান তিনি। কয়েক দিন আগেই একই ভেন্যুতে ওয়ানডে খেলেছে নিউজিল্যান্ড। সেই অভিজ্ঞতা থেকে ল্যাথামের ধারণা, উইকেট ভালোই হতে পারে। তার মতে, টি-টোয়েন্টির ৪০ ওভারের ম্যাচে সাধারণত উইকেটে খুব বেশি পরিবর্তন আসে না।
টি-টোয়েন্টি ক্রিকেটকে ম্যাচ উইনারদের খেলা হিসেবেই দেখছেন ল্যাথাম। তার মতে, বড় সংস্করণে ম্যাচের গতিপথ বদলাতে সময় লাগে, কিন্তু টি-টোয়েন্টিতে কয়েক ওভার বা কয়েক বলেই ম্যাচ ঘুরে যেতে পারে। তাই এই সংস্করণে একজন ক্রিকেটারই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন।
নিউজিল্যান্ড দলে এবার কিছু নতুন মুখও আছে। ল্যাথাম জানালেন, যাদের এখনও অভিষেক হয়নি, তাদের পাশে থাকবে দল। তরুণদের জন্য এটি রোমাঞ্চকর সুযোগ বলেও মনে করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশ দলেও কয়েকজন নতুন ক্রিকেটার থাকার বিষয়টি উল্লেখ করেন কিউই অধিনায়ক।
অভিজ্ঞতার ঘাটতি নিয়ে প্রশ্নের জবাবে ল্যাথাম বলেন, ওয়ানডে সিরিজেও তারা তরুণদের ওপর বিশ্বাস রেখেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা কম হলেও তারা ঘরোয়া ক্রিকেটে অনেক ম্যাচ খেলেছে। নিউজিল্যান্ড যে ধরনের ক্রিকেট খেলতে চায়, এই তরুণরাও সেই ব্র্যান্ডের ক্রিকেটই খেলে বলে মনে করেন তিনি।
বাংলাদেশের কন্ডিশন নিয়েও সতর্ক নিউজিল্যান্ড। ল্যাথাম বলেন, দলে এমন কয়েকজন ক্রিকেটার আছেন যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বা আগের সফরে এই কন্ডিশনে খেলেছেন। তাদের অভিজ্ঞতা নতুনদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে।
নিজের দায়িত্ব নিয়েও কথা বলেন ল্যাথাম। নিউজিল্যান্ডের হয়ে খেলতে সব সময় উপভোগ করেন জানিয়ে তিনি বলেন, এই ফরম্যাটে তার কিছুটা অভিজ্ঞতা আছে। বাংলাদেশের কন্ডিশন কিছুটা ধীরগতির হতে পারে, তবে ব্যাটিং ও উইকেটকিপিং—দুই জায়গাতেই নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করতে চান তিনি।