বাংলাদেশের শেষ চেষ্টা কতটুকু কার্যকর হবে, নাকি স্কটল্যান্ড ডাক পাবে

শেষ মুহূর্তের চেষ্টাও স্বস্তি মিলছে না বাংলাদেশের। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলানোর সিদ্ধান্ত বাতিলের অনুরোধ জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডিসপিউট রেজুলেশন কমিটিতে (ডিআরসি) আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসির বিধি অনুযায়ী, ডিআরসি এই বিষয়ে আপিল শুনতে পারে না, ফলে বাংলাদেশের এই উদ্যোগ ভেস্তে যাওয়ার সম্ভাবনাই বেশি—এমনটাই দাবি ভারতীয় সংবাদসংস্থা পিটিআইয়ের।
সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে বোর্ড ‘শেষ বিকল্প’ হিসেবে ডিআরসির দ্বারস্থ হয়েছে। ডিআরসির প্রধান হিসেবে রয়েছেন ব্রিটিশ আইনজীবী মাইকেল বেলফ (কিংস কাউন্সেল)। তবে আইসিসির সংবিধান ও ডিআরসির টার্মস অব রেফারেন্স অনুযায়ী, আইসিসি বোর্ড অব ডিরেক্টরসের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে ডিআরসি আপিল শুনতে পারে না।
বিসিবির এক সূত্র জানায়, সব বিকল্প ব্যবহার করতেই ডিআরসিতে যাওয়া হয়েছে। সেখানে সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেলে, তখন একমাত্র পথ থাকবে সুইজারল্যান্ডের কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস)।
এর আগে, আইসিসি বোর্ড স্বাধীন নিরাপত্তা মূল্যায়নের ভিত্তিতে ১৪-২ ভোটে বাংলাদেশের ম্যাচ ভারতেই রাখার সিদ্ধান্ত বহাল রাখে। মূল্যায়নে নিরাপত্তা ঝুঁকিকে ‘নিম্ন থেকে মাঝারি’ হিসেবে উল্লেখ করা হয়। তবে বাংলাদেশের সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়েছেন, এটি বিসিবির নয়, সরকারের সিদ্ধান্ত। নিরাপত্তাজনিত কারণেই দল ভারতে যাবে না।
আইসিসি বোর্ড সূত্রের ভাষ্য, ডিআরসিতে আবেদন করা যেতে পারে, কিন্তু নিয়ম অনুযায়ী এই কমিটির এখতিয়ার নেই বোর্ড অব ডিরেক্টরসের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শোনার।
এ অবস্থায় আইসিসি ইতোমধ্যেই স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দলকে স্ট্যান্ডবাই হিসেবে প্রস্তুত রেখেছে। সূত্রের ইঙ্গিত, শনিবারের মধ্যেই বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করার ঘোষণা আসতে পারে।
আইসিসির অন্দরমহলে বিসিবির ভূমিকা নিয়েও অসন্তোষ তৈরি হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানোর আগেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সিদ্ধান্ত প্রকাশ করায় বোর্ড সদস্যদের মধ্যে ক্ষোভ রয়েছে বলে সূত্রের দাবি।
উল্লেখযোগ্যভাবে, ডিআরসি মূলত দেখে আইসিসি বোর্ড সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজেদের নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেছে কি না। এটি কোনো আপিল ট্রাইব্যুনাল নয়। অতীতেও ডিআরসি বড় বড় মামলায় আপিল শুনতে অস্বীকৃতি জানিয়েছে—যা বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
সব মিলিয়ে, বাংলাদেশের আবেদন প্রক্রিয়াগত জটিলতায় আটকে যাওয়ায় বিশ্বকাপে তাদের ভবিষ্যৎ কার্যত শেষ।
সূত্র : পিটিআই